রাণীশংকৈলে খাস জমিতে অবৈধ দোকান উচ্ছেদের দাবিতে ইউএনও’র কাছে অভিযোগ।
আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের শিবদিঘি এলাকয় সরকারি খাস জমিতে অবৈধভাবে স্থাপিত দোকানপাট উচ্ছেদের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে।
উপজেলা কৃষক দলের সভাপতি মোশাররফ হোসেন গত ৪ মার্চ এ অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, উপজেলার মহলবাড়ি মৌজার এসএ-১৩৬ নং দাগভূক্ত সরকারি খাস জমিতে প্রায় ১৭ বছর আগে অবৈধভাবে কয়েকটি খাবার দোকান স্থাপন করে ভোগ দখল করা হচ্ছে। এতে করে মহাসড়কের ফুটপাত ও ক্যাম্বার বন্ধ হয়ে যাওয়ায় জনসাধারণের চলাচলে ভীষণ বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
প্রায়শ দুর্ঘটনাও ঘটছে। উপজেলা পরিষদের মেইন গেটের সামনে ও পোস্ট অফিসের বিপরীতে ফায়সাল হোটেল, বিসমিল্লাহ হোটেল ও আলমগীর হেটেল নামে এ তিনটি হোটেল স্থাপন করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, স্থানীয় কয়েকজন নেতা তাদের প্রভাব খাটিয়ে এসব অবৈধ স্থাপনা ভোগদখল করে আসছেন। তাদের প্রভাবে এলাকাবাসী এতদিন এনিয়ে অভিযোগ করতে পারেনি।
এ বিষয়ে ইউএনও খাদিজা বেগম বলেন, ওই স্থাপনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি।এর প্রেক্ষিতে এরই মধ্যে ওইসব ঘরের নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়েছে। ওই জমির কাগজপত্র যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। এদিকে, স্থাপনাকারি হোটেল মালিক ইকবাল হোসেন ফোনে বলেন, আমাদের কাছে ওই জমির কাগজপত্র আছে।পত্তনদারের কাছ থেকে ওই জমি কিনে নেওয়া হয়েছে।























