রাজধানীর তেজগাঁও কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত এলএলবি ফাইনাল পরীক্ষায় নকল করার অভিযোগে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে
রাজধানীর তেজগাঁও কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত এলএলবি ফাইনাল পরীক্ষায় নকল করার অভিযোগে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় পরীক্ষার হলে দায়িত্ব থাকা এক শিক্ষককে বহিষ্কৃত ওই দুই পরীক্ষার্থী লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল দশটায় তেজগাঁও কলেজ কেন্দ্রে এলএলবি ফাইনাল পরীক্ষা চলাকালীন এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
অভিযুক্ত দুই পরীক্ষার্থী হলেন আইডিয়াল ল’ কলেজের এলএলবি শেষ বর্ষের শিক্ষার্থী মোঃ রাসেল মিয়া ও শরিফুল ইসলাম।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক সোহেল রানা পরীক্ষার হলে ওই দুই পরীক্ষার্থীকে নকল করতে দেখেন এবং বিষয়টি পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটিকে জানান। পরে পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটি তাদের বহিষ্কার করা হয়। এই সময় অভিযুক্তরা সোহেল রানাকে লাঞ্ছিত করে।
পরীক্ষা শেষে হল থেকে বের হলে ওই দুই পরীক্ষার্থী শিক্ষক সোহেল রানার ওপর অতর্কিত হামলা চালায় ও মারধর করে। এতে সোহেল রানা আহত হন।
এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষক সোহেল রানা বলেন, আমি পরীক্ষার হলে দায়িত্ব পালনকালে দুই পরীক্ষার্থী নকল করছিলো। আমি তাদের বাধা প্রদান করলে তারা আমাকে লাঞ্ছিত করে এবং হল থেকে বের হলে আমাকে দেখে নেবে বলে হুমকি প্রদান করে। অতঃপর আমি ঝামেলা এড়াতে অন্য সিড়ি দিয়ে নিচে নামার সময় তারা আমার উপর অতর্কিত হামলা করে।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামীমা ইয়াসমিন জানান, নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং কলেজ প্রশাসনের কঠোর নজরদারির অংশ হিসেবে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার কার্যক্রম অব্যাহত রয়েছে। শৃঙ্খলা ভঙ্গের দায়ে ওই দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া শিক্ষকের ওপর হামলা চালানোর ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পরীক্ষায় নকল করা এবং শিক্ষকের উপর হামলার অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।



























