ঠাকুরগাঁও-৩ এ জাতীয় পার্টির হাফিজউদ্দীনসহ ৮ প্রার্থী জামানত হারালেন।
আনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি।। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩(পীরগঞ্জ-রানীশংকৈল) ৫ বারের সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাফিজউদ্দীন আহম্মেদ জামানত হারিয়েছেন।
গণ-প্রতিনিধিত্ব আইনে কোনো প্রার্থীর জামানত ফেরত পেতে তাকে তার নির্বাচনী এলাকার প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট পেতে হবে। সে হিসেবে হাফিজউদ্দীন আহম্মদ ৮ ভাগের ১ ভাগ ভোট না পাওয়ায় তার জামানত বাজেয়াপ্ত হয়েছে।
এ আসনে এবার মোট ৩ লাখ ৬৪ হাজার ১২৯ ভোটের মধ্যে ভোট পড়েছে ২ লাখ ৬২ হাজার ৬৬৮টি। সে হিসেবে জামানত ফেরত পেতে হাফিজউদ্দীনকে পেতে হতো ৩২ হাজার ৮৩৩ ভোট। কিন্তু তিনি পেয়েছেন ২৭ হাজার ১৩৩ ভোট। প্রসঙ্গত, হাফিজউদ্দীন আহমেদ ১৯৮৮, ২০০১, ২০০৮, ২০২৩ (উপ-নির্বাচন) ও ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
এবারের নির্বাচনে ১ লাখ ৩২ হাজার ৭৯৭ (পোস্টাল ভোটসহ) পেয়ে নির্বাচিত হয়েছেন সাবেক সংসদ সদস্য বিএনপির প্রার্থী জাহিদুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মিজানুর রহমান মাস্টার পেয়েছেন ৯১ হাজার ৯৩৪ ভোট। এ আসনে আরও যে ৭ জন প্রার্থী জামানত হারিয়েছেন তারা হলেন, গণঅধিকার পরিষদের মামুনুর রশিদ মামুন- ৫৫১ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আল আমিন- ১২৮৩ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টির আবুল কালাম আজাদ- ৫০৩ ভোট, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রভাত সমির শাহাজাহান আলম- ১৫৩৭ ভোট,বাংলাদেশ মাইনরিটি পার্টির কমলা কান্ত রায়- ৬৬৬ ভোট, বাংলাদেশ মুসলিম লীগের এস এম খলিলুর রহমান- ১১৩ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী আশা মনি- ২৭৬ ভোট।























