রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা।
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বুধবার ২৮ অক্টোবর মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এদিন সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে নবাগত উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ইশরাত জাহানের সভাপতিত্বে সভায় কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।
সদস্যরা তাদের নিজ নিজ অবস্থান থেকে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির নির্দিষ্ট বিষয়ে বক্তব্য দেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ তার বক্তব্যে মাদক প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার কথা বলেন।এছাড়াও তিনি উপজেলায় ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা বৃদ্ধির কথা বলেন।
পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী পৌর শহর ও পাইলট হাই স্কুল এলাকায় মাদক বৃদ্ধি রোধের কথা বলেন।পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী তার বক্তব্যে এলাকায় চুরি, ছিনতাই বৃদ্ধির কথা বলেন এবং তা রোধে পুলিশ টহল জোরদার করার কথা বলেন। টিএইচএ ডাঃ কামাল আহমেদ উপজেলার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রের দখল হওয়া ঘর ও জমি উদ্ধারের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
সংসদ সদস্যের প্রতিনিধি সাবেক ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম হাসপাতালের সামনে দোকানগুলোতে এবং মীরডাঙ্গী ও বলিদ্বারা এলাকায় মাদক সেবন প্রতিরোধে পুলিশ ও ইউপি চেয়ারম্যানদের ভূমিকা কামনা করেন। মহিলা দল নেত্রী মনিরা বিশ্বাস ছাত্র ছাত্রীদের মধ্যে মাদকের বিস্তার রোধে অভিভাবক সমাবেশের কথা বলেন।
বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম তার এলাকায় মাদকের আড্ডা প্রতিরোধের কথা বলেন। ইউপি চেয়ারম্যান আবুল কালাম, আবুল কাসেম,জিতেন্দ্রনাথ বর্মণ,আব্দুল বারী মাদক ও চুরি প্রতিরোধে তাদের যথাসাধ্য ভূমিকার কথা বলেন। প্রেসক্লাব সভাপতি আশরাফুল ইসলাম ও সাবেক সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম বিশেষত পৌর শহরে চুরি ও যানযট সমস্যা তুলে ধরেন। যানযট নিরসনে তারা রাণীশংকৈলের দীর্ঘদিনের দাবি একটি বাস টার্মিনাল নির্মানের জন্য ইউএনও’র দৃষ্টি আকর্ষণ করেন।
বিওপি কমান্ডার আব্দুল কুদ্দুস সীমান্তের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানান। ওসি তার বক্তব্যে মাদক ও চুরি প্রতিরোধে পুলিশের তৎপরতা অব্যাহত আছে বলে জানান। মাদক বেচা- কেনা ইতিমধ্যে হ্রাস পেয়েছে বলেও ওসি জানান। ইউএনও তার বক্তব্যে বলেন, আমি এখানে নূতন এসেছি, এলাকার অনেক কিছু সম্পর্কে এখনো অবগত নই।
তারপরও আমি যেখানেই সমস্যা ও অভিযোগ পেয়েছি সেখানেই গিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করেছি, নির্দেশনা দিয়েছি। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে তিনি গ্রাম পুলিশের তৎপরতা নিশ্চিত করার উপর জোর দেন।



























মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান