‘শক্তিশালী নতুন জাতীয় সরকার’ গঠনের ঘোষণা নেতানিয়াহুর
ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে নিজেদের জোট এগিয়ে থাকার আভাসের মধ্যে ‘শক্তিশালী নতুন জাতীয় সরকার’ গঠনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে সরকার গঠনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আনুষ্ঠানিক ফলাফলের জন্য অপেক্ষা করবেন বলে জানিয়েছেন তিনি।
বুধবার জেরুজালেমে নিজ দল লিকুদ পার্টির সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু বলেন, ‘লিকুদ দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। আমরা একটি শক্তিশালী নতুন জাতীয় সরকার গড়ব।’
মঙ্গলবার ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে প্রকাশিত বুথফেরত জরিপে প্রথমে বিরোধী জোট এগিয়ে থাকার আভাস পাওয়া গেলেও পরবর্তী হালনাগাদে নেতানিয়াহুর জোট এগিয়ে যায়।
ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর তথ্য অনুযায়ী, সর্বশেষ হিসাবে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫২টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে, তার প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটের জোট এগিয়ে আছে ৫০টি আসনে। আরব লিস্ট এগিয়ে রয়েছে ১৯টি আসনে। একক দল হিসেবেও লিকুদ পার্টি এগিয়ে আছে।
তবে ১২০ আসনের নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসনের সংখ্যাগরিষ্ঠতা কোনো জোটই নিশ্চিত করতে পারেনি। ফলে নতুন সরকার গঠনে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা ও জোটের হিসাব-নিকাশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
নির্বাচনী ফলাফলে নিজেদের জোট এগিয়ে থাকার খবর পাওয়ার পর জেরুজালেমে লিকুদ পার্টির প্রধান কার্যালয়ে সমর্থকদের সামনে বক্তব্য দেন নেতানিয়াহু। এ সময় তিনি বলেন, সরকার গঠনের বিষয়ে এখনই আলোচনা করা আগাম হয়ে যাবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ভোটের প্রকৃত ফলাফলের জন্য অপেক্ষা করবেন তিনি।
নেতানিয়াহু আরও স্পষ্ট করে বলেন, আরবদের সমর্থন নিয়ে ইসরায়েলে কোনো সরকার পরিচালনা করা হবে না।
এবারের নির্বাচনে ইসরায়েলি আরবদের প্রতিনিধিত্বকারী দলগুলো উল্লেখযোগ্য অবস্থান তৈরি করেছে। প্রধান দুই রাজনৈতিক জোট একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনের সমীকরণে এসব দলের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
এদিকে, বিরোধী জোটের নেতা ও ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকটও সমর্থকদের উদ্দেশে বক্তব্য দিয়েছেন। তিনি জনগণকে চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করার আহ্বান জানান।
আইজেনকট বলেন, ‘এটা স্পষ্ট যে দেশের মানুষ পরিবর্তনের পক্ষে এবং নেতানিয়াহুর ব্যর্থ শাসনের বিরুদ্ধে ভোট দিয়েছে।’
নেতানিয়াহুকে জনগণের অনাস্থা মেনে নিয়ে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। একই সঙ্গে নির্বাচনে ভোটারদের ব্যাপক উপস্থিতির পর আবার নতুন করে নির্বাচন আয়োজন করাকে মারাত্মক ভুল বলে মন্তব্য করেন।
সরকার গঠনের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে আইজেনকট বলেন, তিনি সবাইকে নিয়ে একটি দায়িত্বশীল জায়োনিস্ট সরকার গঠনের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন।
চূড়ান্ত ফলাফল প্রকাশের পরই ইসরায়েলে সরকার গঠনের প্রকৃত চিত্র স্পষ্ট হবে।






















৩৬ দিন পর চুয়েটে ক্লাস শুরু