ধানমন্ডি লেক থেকে মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ উদ্ধার
রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পেশায় একজন মার্কেটিং কনসালট্যান্ট ছিলেন। আজ মঙ্গলবার সকালে ধানমন্ডি ১০ নম্বর সড়কের পাশে লেকপাড়ে তার মরদেহ পাওয়া যায়। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, জাভেদ বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকে থাকতেন। আজ সকালে লেকের পানিতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মো. গফুরের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করে। শুরুতে তার পরিচয় জানা যায়নি। পরে সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তার সম্পর্কে তথ্য পাওয়া যায়। খবর দেওয়া হলে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন।
জাভেদের স্ত্রী শাহানা জাবিন খান পুলিশকে জানিয়েছেন, তার স্বামী বেশ কিছুদিন ধরে বেকার ছিলেন। এ কারণে তিনি আর্থিক দুরবস্থার মধ্যেও ছিলেন। তবে তিনি কখন লেকে গিয়েছিলেন কিংবা সেখানে কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।
ধানমন্ডি থানার পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত করা হচ্ছে।
মহাখালীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
এদিকে রাজধানীর মহাখালীর চেয়ারম্যান বাড়ি এলাকায় বাসের ধাক্কায় সোহেল রানা নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সোহেল মোটরসাইকেল নিয়ে কোথাও যাচ্ছিলেন। চেয়ারম্যান বাড়ি এলাকায় পৌঁছালে একটি বাস তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বনানী থানার পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়কের মাঝখান থেকে সোহেলের মরদেহ উদ্ধার করে। পরে খবর পেয়ে স্বজনেরা সেখানে এসে তার পরিচয় নিশ্চিত করেন।
নিহত সোহেল রানার বাড়ি কুমিল্লার দাউদকান্দি এলাকায়। তিনি ঢাকার মোহাম্মদপুরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া বাসটি তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।






















ধানমন্ডি লেক থেকে মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ উদ্ধার