সরাসরি কৃষকের কাছ থেকে ৩ লাখ মেট্রিক টন আমন ধান নেওয়া হবে
খাদ্যমন্ত্রী আফরোজা খান রিতা বলেছেন, আমরা সরাসরি কৃষকের কাছ থেকে ৩ লাখ মেট্রিক টন আমন ধান নেব। মিলারদের কাছে থেকে ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল নেওয়া হবে।
শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৫টায় সাটুরিয়া উপজেলার বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে অভ্যন্তরীণ আমন সংগ্রহ-২০২৬-এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, সরকার ২০২৬-২৭ অর্থবছরে আমন মৌসুমে সারাদেশে মোট ৮ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। আমরা সরাসরি কৃষকের কাছ থেকে ৩ লাখ মেট্রিক টন আমন ধান, মিলারদের নিকট হতে ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল নেব। সরকার কৃষকের উৎপাদন ব্যয় ও ন্যায্য মুনাফার বিষয়টি বিবেচনায় এনে চলতি মৌসুমে প্রতিকেজি আমন ধানের সংগ্রহ মূল্য ৩৫ টাকা, সিদ্ধ চালের সংগ্রহ মূল্য ৪৯ টাকা এবং আতপ চালের সংগ্রহ মূল্য ৪৮ টাকা নির্ধারণ করেছে। অর্থাৎ প্রতি মণ (৪০ কেজি) হিসাবে কৃষক সরকারি সংগ্রহ কেন্দ্রে মানসম্মত ধান বিক্রি করে ১,৪০০ টাকা পাবেন।
তিনি আরও জানান, ধান সংগ্রহ ১৪ নভেম্বর থেকে শুরু করে ২৮শে ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত চলবে। অন্যদিকে চাল সংগ্রহ হবে পহেলা ডিসেম্বর থেকে ২০২৭-এর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আমরা আশা করি, সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় নির্ধারিত সময়ের মধ্যে সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে।
কৃষকদের উদ্দেশে মন্ত্রী বলেন, দেশের খাদ্য নিরাপত্তার যে কাজ আমরা করি, তার প্রধান শক্তি কিন্তু আপনারাই। মাঠটা কিন্তু আপনাদের দখলে, খাদ্যশস্যও কিন্তু আপনাদেরই দখলে। সেই খাদ্যশস্য নিয়ন্ত্রণের ভারটাও কিন্তু আপনাদের ওপরে। আপনাদের অক্লান্ত পরিশ্রমে উৎপাদিত ধান যাতে আপনারা ঠিকমতো বিক্রি করতে পারেন এবং ন্যায্যমূল্য পান, সেদিকেই কিন্তু আমরা লক্ষ্য রাখছি। কোনো মধ্যস্বত্বভোগীর কারণে আপনারা ন্যায্যমূল্য থেকে যাতে বঞ্চিত না হন, সেদিকে প্রশাসনকে বিশেষ নজর দেওয়ার জন্য বলা হয়েছে। সরাসরি ধান সংগ্রহ করা হবে। আর একটা জিনিস, আমরা এখানে ৩ লাখ মেট্রিক টন বলেছি, যদি কোনো কৃষক আরও ধান বিক্রি করতে চান, আমরা সেটা থেকেও সংগ্রহ করব। সেটা ওপেন করা আছে।
মিলারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সাধারণত সবসময় বলা হয় মিলাররা কৃষকদের ঠকায়। এই কাজটা আপনারা করবেন না, এটা আপনাদের প্রতি বিনীত অনুরোধ। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন কৃষক ভাইদের একটা উন্নত জীবন তৈরি করে দেওয়ার জন্য, মিলার যারা আছেন, তাদের অনুরোধ করব আপনারা আপনাদের ন্যায্যমূল্যটা কৃষককে দেওয়ার চেষ্টা করবেন। কারণ সবাই যদি আমরা সম্মিলিতভাবে কাজ করি, তাহলে যেকোনো লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো।
এর আগে, আমন সংগ্রহ কার্যক্রম উদ্বোধনের পর খাদ্যমন্ত্রী পাঁচজন কৃষকের মধ্যে ওয়েট কোয়ালিটি সনদপত্র বিতরণ করেন।
এ ছাড়াও ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন খাদ্যমন্ত্রী। এ কর্মসূচির আওতায় মোট ১ হাজার ৯ জন কৃষককে প্রণোদনা দেওয়া হবে। অনুষ্ঠানে খাদ্যমন্ত্রীর হাত থেকে ১০ জন কৃষক প্রতীকীভাবে প্রণোদনা গ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। স্বাগত বক্তব্য দেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জসিম উদ্দিন খান। এ ছাড়াও বক্তব্য দেন খাদ্যসচিব আবু তাহের মো. মাসুদ রানা, এফপিএমইউ-এর মহাপরিচালক মো. মাহাবুব রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম, কৃষক মুগুর আলী ও মানিকগঞ্জ জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ।
অনুষ্ঠানে খাদ্য ও কৃষি মন্ত্রণালয়, জেলা ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং কৃষকরা উপস্থিত ছিলেন।





















সরাসরি কৃষকের কাছ থেকে ৩ লাখ মেট্রিক টন আমন ধান নেওয়া হবে