হামজাকে ডুলির দশে দশ, ফারহানের গোল সেরার তালিকায়
খেলা শেষ হয়েছে প্রায় পৌনে এক ঘন্টা। বাংলাদেশি সাংবাদিকরা হেড কোচ থমাস ডুলির অপেক্ষায়। বেশ হাসিখুশি মুখে আসলেন ডুলি। বাংলাদেশ ৪-০ গোলে শ্রীলঙ্কাকে পরাজিত করেছে। এত বড় জয়ের পর ড্রেসিংরুম থেকে সংবাদ সম্মেলন কক্ষে আসতে ডুলির বেশ সময়ই লেগেছে।
আজকের ম্যাচের সেরা মুহুর্তের একটি ফারহান আলী ওয়াহিদের গোল। প্রথমে দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে প্রবেশ করেন। এরপর আরো দুই ডিফেন্ডারকে পরাস্ত করে গোলে শট নেন। স্টেডিয়ামে উপস্থিত ও টিভিতে যারা গোল দেখেছেন সবাই মুগ্ধতা প্রকাশ করেছেন। বাংলাদেশের কোচ ডুলিও বেশ প্রশংসা করেছেন ফারহানের,‘সত্যি, অসাধারণ গোল। ডিফেন্ডারদের যেমনভাবে কাটিয়েছেন। এরপর যেভাবে শট করেছেন সেটাও দুর্দান্ত।’
১৯৯৪ সালে আমেরিকার হয়ে বিশ্বকাপ খেলেছেন। ১৯৯৮ ফ্রান্স বিশ্বকাপে আমেরিকার অধিনায়ক ছিলেন। কোচিং করাচ্ছেন প্রায় দুই দশক। তার কোচিং করানোর অভিজ্ঞতা থেকে ফারহানের গোলটি অন্যতম সেরা বললেন ডুলি,‘ আমি অনেক দিন থেকে কোচিংয়ে। আমি যে দলগুলোকে কোচিং করিয়েছি এর মধ্যে এটা অন্যতম সেরা গোলের একটি। হামজার ব্যাক হিল থেকে গোল হলে সেটিও দুর্দান্ত হতো।’
ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা ফুটবলার হামজা অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন। গত বছর ভারতের শিলংয়ে হামজার অভিষেক হয়েছিল। এরপর দশের অধিক ম্যাচ খেললেও হামজা অধিনায়কের আর্মব্যান্ড পড়েননি। আজই প্রথম হামজা বাংলাদেশের অধিনায়কত্ব করেছেন। চার গোলের মধ্যে একটি দিয়েছেন। হামজা সম্পর্কে ডুলি বলেন,‘সে দলের জন্য যে কোনো জায়গায় খেলতে প্রস্তুত। আজ তিনি অসাধারণ খেলেছেন। আমি তাকে দশে দশই দেব।’
হামজা মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার। আজ তাকে ডুলি অ্যাটাকিং মিডফিল্ডার খেলিয়েছেন। তিনি এই পজিশনে ভালোই খেলেছেন। হামজার পজিশন পরিবর্তনের সিদ্ধান্ত কি ভূটান ম্যাচের পর নাকি আগেই? এই প্রশ্নের উত্তরে ডুলি বলেন,‘ এটা আমি টুর্নামেন্টের শুরুতেই ভেবে রেখেছিলাম।’






















হামজাকে ডুলির দশে দশ, ফারহানের গোল সেরার তালিকায়