সাভারে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ঢাকা জেলা প্রতিনিধি: গোলাম আহমেদ সবুজ ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রায়হান ইসলাম (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর। শুক্রবার (২ অক্টোবর ২০২৬) রাত ১টা ৫ মিনিটের দিকে সাভার মডেল থানাধীন জোরপুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রায়হান ইসলাম নাটোর জেলার লালপুর থানার নবীরপাড়া এলাকার মোঃ বকুলের ছেলে। বর্তমানে তিনি রাজধানীর শেরে বাংলানগর থানাধীন পশ্চিম আগারগাঁও এলাকায় বসবাস করতেন। ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই শেখ মোঃ মাসুদ আল মামুনসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স অভিযানে অংশ নেন।

অভিযানে রায়হানের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার ওজন প্রায় ৪০০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। পুলিশ আরও জানায়, গ্রেপ্তার রায়হানের বিরুদ্ধে এর আগে একটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।






















সাভারে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার