আইপিএল নিলামের প্রাথমিক তালিকায় নেই মুস্তাফিজের নাম, আছেন ১১ বাংলাদেশি
ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের গত আসর থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার আলোচনায় বুঁদ ছিল ক্রিকেটবিশ্ব। যার রেশ ধরে বাংলাদেশ ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যায়নি। তবে আসন্ন আইপিএলের মিনি নিলামের জন্য মুস্তাফিজ নাম নিবন্ধন করেছেন বলে গুঞ্জন ওঠে। অথচ আজ (মঙ্গলবার) প্রকাশিত প্রাথমিক তালিকায় নেই তার নাম।
ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ বলছে, এদিন সন্ধ্যায় ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাঠানো প্রাথমিক নিলাম তালিকায় প্রায় বাংলাদেশের ১১ জনের নাম রয়েছে। তবে মুস্তাফিজ ও সাকিব আল হাসানের মতো বড় তারকার নাম এই তালিকায় অনুপস্থিত। তালিকায় সবচেয়ে প্রসিদ্ধ নামটি বেন স্টোকসের, তিনি চলতি বছরের শুরুতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন।
নিলামের প্রাথমিক তালিকায় থাকা বাংলাদেশি ক্রিকেটাররা হচ্ছেন– হাসান মাহমুদ, পারভেজ হোসেন ইমন, রিপন মন্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, শেখ মেহেদি হাসান, শামীম হোসেন পাটোয়ারি, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, তাওহীদ হৃদয় ও মোহাম্মদ রুবেল।
আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় অনুষ্ঠিত হবে আইপিএলের মিনি নিলাম। যেখানে ক্রিকেটারদের ভিত্তিমূল্য ২ কোটি রুপি। ওই দামে বেন স্টোকসহ মোট ১২২০ ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। সেখানে সাবেক ইংলিশ অধিনায়কের নামটি চমকের জন্ম দিয়েছে। ২০২৫ মেগা নিলাম থেকে তিনি নাম সরিয়ে নিয়েছিলেন।

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী– যেসব খেলোয়াড় মেগা নিলামে অংশ নেননি, তাদের পরবর্তী মিনি-নিলামের জন্য নাম নথিভুক্ত করার অনুমতি নেই। তবে স্পষ্টতই, স্টোকস নিলামে অংশ নেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি পেয়েছেন।
প্রসঙ্গত, সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও আইপিএল আসরের আগে ক্রিকেটবিশ্বে অন্যতম আলোচিত নাম ছিল মুস্তাফিজুর রহমান। তাকে ৯.২০ কোটি রুপিতে নিলেও রাজনৈতিক অস্থিরতায় পরে স্কোয়াড থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। যার রেশ ধরে বাংলাদেশ ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলেনি। এবার আইপিএলের নতুন আসরের মিনি নিলামের আগে ‘রিলিজ’ তালিকায় ফ্র্যাঞ্চাইজিটি ফিজের নাম উল্লেখ করে।






















আইপিএল নিলামের প্রাথমিক তালিকায় নেই মুস্তাফিজের নাম, আছেন ১১ বাংলাদেশি