মনের ইচ্ছা পূরণে সাংবাদিকের ৪০০ কিলোমিটার বাইকে ঢাকা ভ্রমণ।
আনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি :-‘স্বপ্ন-সাধ ও অদম্য ইচ্ছাশক্তিকে অবলম্বন করে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার তরুণ সাংবাদিক লেমন সরকার মোটরসাইকেলে চড়ে রাণীশংকৈল থেকে ৪০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ঢাকা ভ্রমণ করেছেন।
দীর্ঘ পথের ক্লান্তি ছাপিয়ে গন্তব্যে পৌঁছানোর আনন্দে তার বুক ভরে উঠেছে। গত ১০ নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ন’টায় নিজ বাইকে চড়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা দেন দৈনিক সকালের সময় পত্রিকার সাংবাদিক লেমন সরকার। মহাসড়কের ব্যস্ততা, যানবাহনের চাপ সামলে প্রায় সাড়ে আট ঘণ্টা পর বিকেল সাড়ে পাঁচটায় রাজধানীতে পৌঁছান তিনি।
এর আগে বিভিন্ন যানবাহনে একাধিকবার ঢাকায় এলেও মোটরসাইকেলে এত দীর্ঘ পথ পাড়ি দিয়ে ঢাকায় আসার অভিজ্ঞতা ছিল না তাঁর। সেই ইচ্ছাকে পূরণ করতেই এবার মোটরসাইকেল নিয়ে যাত্রা করেন তিনি। একজন তরুণ সাংবাদিক হিসেবে সংবাদ সংগ্রহ ও পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি নতুন অভিজ্ঞতা অর্জন এবং ভ্রমণের প্রতিও আগ্রহ রয়েছে তাঁর। নিজের সামর্থ্য যাচাই, নতুন অভিজ্ঞতা অর্জন এবং একটি স্মরণীয় ভ্রমন করতে এ উদ্যোগ নেন তিনি।
তাঁর মতে, মানুষের জীবনে বিভিন্ন স্বপ্ন ও ইচ্ছা থাকে। সেই ইচ্ছা পূরণে প্রয়োজন আত্মবিশ্বাস, সাহস ও উদ্যোগ। মনোবল ও লক্ষ্য স্থির রেখে এগিয়ে গেলে দীর্ঘ পথও পাড়ি দেওয়া সম্ভব। এদিকে, তার মোটরসাইকেলে ৪০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ঢাকায় যাওয়ার ঘটনাটি স্থানীয় সাংবাদিক মহল ও পরিচিতজনদের মধ্যে ব্যাপক আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। তাঁর এই উদ্যোগকে ব্যতিক্রমী ও প্রশংসনীয় হিসেবে দেখছেন অনেকে।
প্রবীণ সাংবাদিক অধ্যাপক আনোয়ারুল ইসলাম বলেন, “তরুণ সাংবাদিক লেমন সরকারের মোটরসাইকেলে করে ঢাকা ভ্রমণের উদ্যোগটি একইসাথে দুঃসাহসিক ও প্রশংসনীয়। এ উদ্যোগ তার অভিজ্ঞতা সমৃদ্ধ করবে। এবং তাঁর এ সাহসী উদ্যোগ অন্যদেরকেও নতুন কিছু করার অনুপ্রেরণা জোগাবে।” নিজের অনুভূতি জানিয়ে লেমন সরকার বলেন, “এর আগে অনেকবার বিভিন্ন যানবাহনে ঢাকায় এসেছি। কিন্তু মোটরসাইকেলে কখনো আসার কথা ভাবিনি।
এবারই ইচ্ছা হলো। তাই নিজের ইয়ামাহা ফেজার বাইকটি নিয়ে প্রায় ৪০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ঢাকায় এসেছি। দীর্ঘ যাত্রায় কিছুটা ক্লান্তি ছিল, তবে রাজধানীতে পৌঁছানোর পর আনন্দে মন ভরে গেছে। আমার অনেক দিনের এ ইচ্ছা পূরণ করতে পেরেছি। সব মিলিয়ে এটি আমার জীবনের এক অন্যরকম অনুভূতি ও স্মরণীয় অভিজ্ঞতা”।



























মনের ইচ্ছা পূরণে সাংবাদিকের ৪০০ কিলোমিটার বাইকে ঢাকা ভ্রমণ।