আমিরাতে ভয়াবহ বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৩, আহত ২৬
সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। এই দুর্ঘটনায় আরও ২৬ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে রাস আল খাইমাহর দক্ষিণাঞ্চলের আল ওয়াতান রোডে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
রাস আল খাইমাহ পুলিশ জানায়, ৪১ জন যাত্রীবাহী একটি বাস যান্ত্রিক ত্রুটির কারণে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ১১ জন নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জনের মৃত্যু হয়।
ইউএই ন্যাশনাল অ্যাম্বুলেন্স জানিয়েছে, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ১৬টি অ্যাম্বুলেন্স ও ৫টি ফার্স্ট রেসপন্ডার গাড়ি পাঠানো হয়। ঘটনাস্থলে আহত ২৬ জনকে জরুরি প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং গুরুতর আহত ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।

আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বাসটির অধিকাংশ যাত্রীই ওমান থেকে ভিসা পরিবর্তন (ভিসা চেঞ্জ) করে ফিরছিলেন। ফেরার পথেই তারা এই দুর্ঘটনার কবলে পড়েন।
এদিকে দুবাইস্থ ভারতীয় কনস্যুলেট নিশ্চিত করেছে, নিহতদের মধ্যে ভারতীয় নাগরিক রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত কারও নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘ড্রোন হামলার’ গুজবটি সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, কয়েক দিন আগেই আমিরাতের ফুজাইরাতে আরেকটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৪ জন প্রাণ হারিয়েছেন।






















আমিরাতে ভয়াবহ বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৩, আহত ২৬