‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’—সালমান শাহ স্মরণে শাবনূর
প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর ৩০তম প্রয়াণ দিবসে তাকে গভীর ভালোবাসা ও শ্রদ্ধায় স্মরণ করেছেন একসময়ের ঢালিউড কুইন শাবনূর। রোববার বাংলাদেশ সময় দুপুরের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সালমান শাহর সঙ্গে একাধিক ছবি পোস্ট করে আবেগঘন বার্তা দেন তিনি।
শাবনূর লিখেছেন, ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান…।’
সালমান শাহর মৃত্যুর তিন দশক পেরিয়ে গেলেও তার স্মৃতি নিজের হৃদয়ে এখনো অমলিন—এমনটাই জানিয়েছেন শাবনূর। পর্দার প্রিয় রাজপুত্র ও দর্শকের স্বপ্নের নায়ক সালমান শাহ আজও স্মৃতি ও ভালোবাসার মধ্য দিয়ে বেঁচে আছেন বলেও উল্লেখ করেন তিনি।
শাবনূরের ভাষায়, সালমান শাহর অকালপ্রয়াণে দেশের চলচ্চিত্র অঙ্গনে যে বিশাল শূন্যতা তৈরি হয়েছিল, তা আজও পূরণ হয়নি। সময়ের সঙ্গে প্রজন্ম বদলেছে, কিন্তু তার জনপ্রিয়তা ও অভিনয়ের মায়া দর্শকের হৃদয়ে এখনো একইভাবে জীবন্ত।
সালমানকে স্মরণ করে শাবনূর লিখেছেন, ‘তোমার ৩০তম প্রয়াণ দিবসে জানাই বিনম্র শ্রদ্ধা ও অশেষ ভালোবাসা। যেখানেই আছো, ভালো থেকো প্রিয় সালমান শাহ। আল্লাহ তোমাকে জান্নাতবাসী করুন।’
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি জমান সালমান শাহ। তার আকস্মিক মৃত্যু সে সময় পুরো দেশের চলচ্চিত্রপ্রেমীদের স্তব্ধ করে দিয়েছিল। মৃত্যুর ৩০ বছর পরও কমেনি এই অভিনেতার জনপ্রিয়তা।
মাত্র চার বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করে ঢাকাই চলচ্চিত্রে নিজের আলাদা অবস্থান তৈরি করেছিলেন সালমান শাহ। ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘অন্তরে অন্তরে’, ‘দেনমোহর’, ‘প্রিয়জন’ ও ‘আনন্দ অশ্রু’র মতো একের পর এক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন তিনি।
সালমান শাহর মৃত্যুর তিন দশক পরও নতুন প্রজন্মের কাছেও তার জনপ্রিয়তা অটুট। তার পোশাক-পরিচ্ছদ, মাথার ব্যান্ডেনা, চোখের সানগ্লাস, বাইক, কালো ঘন চুল ও মায়াবী হাসি—সবকিছুই এখনো তাকে অন্যদের চেয়ে আলাদা করে রাখে। সময় পেরিয়ে গেলেও তাই দর্শকের ভালোবাসায় আজও অমর হয়ে আছেন ঢাকাই চলচ্চিত্রের এই স্বপ্নের নায়ক।




























ঘুম থেকে ওঠার কতক্ষণ পরে সকালের নাশতা করা ভালো