গাজীপুরে ফের সড়ক অবরোধ শ্রমিকদের, যান চলাচল বন্ধ
বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে জেলার নাওজর এলাকায় মহাসড়ক অবরোধ করেন তাঁরা। এতে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এর আগে গাজীপুরের চন্দ্রা এলাকায় ডিভাইন ও ইন্টারস্টপ কারখানার শ্রমিকেরা কাজে যোগ দেওয়ার পর সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়ানো হয়েছে। আগে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন থাকলেও মঙ্গলবার তা বাড়িয়ে ১১ প্লাটুন করা হয়েছে। একই সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা ২১ থেকে বাড়িয়ে ২৫ জন করা হয়েছে।
মঙ্গলবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন এ তথ্য নিশ্চিত করেন।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন জানান, সকাল ৮টার কিছু আগে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় অবরোধের চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের সরিয়ে দেন।
অন্যদিকে, আশুলিয়ার বিভিন্ন এলাকায়ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। নিরাপত্তার শঙ্কায় বেশির ভাগ পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, গত কয়েক দিন ধরে বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের বিভিন্ন কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। আন্দোলনের কারণে বিভিন্ন কারখানায় ছুটিও ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শ্রমিকদের দাবি ও শিল্পাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি ঘিরে গাজীপুর ও আশুলিয়ায় অস্থিরতা অব্যাহত রয়েছে।


















আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ