দুর্গাপূজার ছুটির প্রজ্ঞাপন জারি, ১৭ অক্টোবর ছুটি বাতিল
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা তিন দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। তবে ছুটি সমন্বয়ের জন্য আগামী ১৭ অক্টোবর (শনিবার) সরকারি অফিস খোলা থাকবে। একই সঙ্গে আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানও ওই দিন খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০, ২১ ও ২২ অক্টোবর—মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার—ছুটি থাকবে। এই ছুটি সমন্বয়ের লক্ষ্যে ১৭ অক্টোবর শনিবার সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান খোলা থাকবে।
যেসব সেবা ছুটির আওতামুক্ত
প্রজ্ঞাপন অনুযায়ী, জরুরি পরিষেবাগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট এবং ডাক সেবা।
এসব জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরাও ছুটির আওতার বাইরে থাকবেন। হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবা এবং এর সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরাও ছুটি পাবেন না।
এ ছাড়া চিকিৎসক ও চিকিৎসাসেবায় নিয়োজিত কর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত যানবাহন ও কর্মীদের ক্ষেত্রেও এ ছুটি প্রযোজ্য হবে না। জরুরি কাজের সঙ্গে সংশ্লিষ্ট অফিসও ছুটির আওতার বাইরে থাকবে।
ব্যাংক ও আদালতের বিষয়ে আলাদা নির্দেশনা
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুর্গাপূজার ছুটিতে ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। আদালতের কার্যক্রমের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে সুপ্রিম কোর্ট।
বেসরকারি খাতে ছুটি
বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণার ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।























আশুলিয়ায় এসআরবি’র অভিযানে ১৩৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২