দেবিদ্বারে সাবেক ছাত্রদল ও যুবদল নেতার বিরুদ্ধে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের অভিযোগ, থানায় জিডি
শাহ্ আল-আমিন আমানত : কুমিল্লার দেবিদ্বারে রাজনৈতিক উদ্দেশ্যে অপপ্রচার চালানো এবং এক যুবককে মারধর করে জোরপূর্বক ইয়াবা ব্যবসায় যুক্ত থাকার মিথ্যা স্বীকারোক্তি ভিডিও ধারণ করার অভিযোগে দেবিদ্বার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ৬৩৭, তারিখ: ১২/০৯/২০২৬) দায়ের করা হয়েছে। জিডি সূত্রে জানা যায়, দেবিদ্বার উপজেলা সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং সাবেক পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক উপজেলার বড় আলমপুর গ্রামের মোঃ রবিউল আউয়াল (৪০) অভিযোগ করেন যে, রকই গ্রামের মোঃ নাজিম খান প্রঃ নাটু (৩৫)-সহ ৭/৮ জন অজ্ঞাত ব্যক্তি দীর্ঘদিন ধরে রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছিল।
এর আগে গত ১ আগস্ট ২০২৬ তারিখে উক্ত আসামিরা রবিউল আউয়ালের শ্বশুরবাড়িতে হামলা চালালে তার শাশুড়ি থানায় মামলা দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, পূর্ব শত্রুর জের ধরে গত ১১ সেপ্টেম্বর ২০২৬ রাত ১০:০০ টার দিকে বড় আলমপুর প্রাইমারি স্কুল মাঠ থেকে শফিকুল ইসলাম (৩৮) নামের এক ব্যক্তিকে অস্ত্র ও মোটরসাইকেল যোগে তুলে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে রাত ১১:০০ টার দিকে তাকে দেবিদ্বার পৌরসভার ফতেহাবাদ চান্দারপাড় হিন্দু বাড়ির পাশে ঈদগাহ সংলগ্ন গাছের বাগানে নিয়ে মারধর করা হয়।
অভিযোগকারীর দাবি, শফিকুলকে জিম্মি করে এবং তার কাছে থাকা একটি ইয়াবা ট্যাবলেট হাতে তুলে দিয়ে রবিউল আউয়ালের নামে জোরপূর্বক মিথ্যা স্বীকারোক্তি নেওয়া হয় যে, রবিউল তার সাথে মাদক ব্যবসা করেন। ওই স্বীকারোক্তির অডিও ও ভিডিও রেকর্ড করে আসামিরা নিজেদের কাছে রেখে দেয় এবং কাউকে কিছু না জানানোর জন্য শফিকুলকে ভয়ভীতি ও হুমকি প্রদান করে।
এ ঘটনায় ভুক্তভোগী শফিকুল ইসলাম দেবিদ্বার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। নিজের নিরাপত্তা ও ভবিষ্যতের অপপূরণীয় ক্ষতি এড়াতে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে রবিউল আউয়াল দেবিদ্বার থানায় এই সাধারণ ডায়েরিটি দায়ের করেন। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি গুরুত্বের সাথে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

























ব্যাংকের এমডিদের কর্মদক্ষতা মূল্যায়নে নতুন কাঠামো