বেতন বাড়ানোর দাবিতে উত্তরা রাজলক্ষ্মীতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ
বেতন বৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে রাজধানীর উত্তরার রাজলক্ষ্মী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা।
বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে কয়েকটি পোশাক কারখানার এক হাজারের বেশি শ্রমিক মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
অবরোধের কারণে মহাসড়কে দীর্ঘ সময় যানবাহন আটকে থাকে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অনেককে যানবাহন থেকে নেমে হেঁটেই গন্তব্যের উদ্দেশে রওনা হতে দেখা যায়।
বিক্ষোভ চলাকালে শ্রমিকেরা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো অথবা জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বাড়ানোর দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিক শরিফা বেগম বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে হবে, অন্যথায় জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বাড়াতে হবে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে বাধ্য হয়েই তাঁরা রাস্তায় নেমেছেন।
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোর্শেদ আলম গণমাধ্যমকে শ্রমিকদের সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন।






















কুমিল্লা থেকে ‘নিখোঁজ’ চার স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার নিয়ে যা জানাল পুলিশ