ভাওয়ালগড়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
প্রতিনিধি, সামাদ খন্দকার, গাজীপুর: দেশে অস্থিতিশীলতা ও সহিংসতার প্রতিবাদে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জেছনগেট এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ভবানীপুর কুমিল্লা হোটেলের সামনে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভীর নেতৃত্বে এ কর্মসূচি পরিচালিত হয়। এতে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জয়নাল আবেদীন রিজভী বলেন, “বিগত সরকারের আমলে আমরা একদিনও শান্তিতে ঘরে থাকতে পারিনি। কখনো ধানক্ষেতে, কখনো পাটক্ষেতে, আবার কখনো বন-জঙ্গলে রাত কাটাতে হয়েছে। সব ভয়-ভীতি উপেক্ষা করেই আমরা রাজনৈতিক মাঠে ছিলাম।” বর্তমান পরিস্থিতির উল্লেখ করে তিনি আরও বলেন, “এখন আমরা অন্তত বাড়িতে থাকতে পারছি। যারা নতুন করে দেশে আগুন-সন্ত্রাস ও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে, তাদের হুঁশিয়ার করে বলতে চাই—এসব করে কেউ পার পাবে না। আমরা জনগণকে সাথে নিয়ে রাজনৈতিকভাবেই তা মোকাবিলা করব।
ভাওয়ালগড়ের মাটিতে কোনো ধরনের নৈরাজ্য সহ্য করা হবে না।” সমাবেশে অন্যান্য বক্তারা দেশের সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিএনপি নেতাকর্মীদের সচেষ্ট থাকার তাগিদ দেওয়া হয়। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. নুরুল আমিন মাস্টার, আজহার ইসলাম মণ্ডল, সাবেক দপ্তর সম্পাদক আবু সায়েম মোল্লাসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। বক্তব্য শেষে দলীয় স্লোগানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।






















আইন সেবাদানকারী প্রতিষ্ঠান সাদিক এন্ড কাউন্সিলের ৫ম বর্ষপূর্তি।