যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসূচি অনুযায়ী, ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। সেখানে অবস্থান করবেন ২৬ সেপ্টেম্বর পর্যন্ত।
রবিবার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
তিনি জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন ও অগ্রাধিকারগুলো তুলে ধরবেন প্রধানমন্ত্রী। সফরকালে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠক এবং গুরুত্বপূর্ণ সাইডলাইন মিটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এসব বৈঠকে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান ও ভবিষ্যৎ অগ্রাধিকারের বিষয়গুলোও তুলে ধরা হবে।
নিউইয়র্ক সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক হবে কি না—এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর সফরের মূল উদ্দেশ্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়া। এর বাইরে সাইডলাইনে বিভিন্ন বৈঠক অনুষ্ঠিত হবে, যেগুলোর অনেক সিদ্ধান্তই শেষ মুহূর্তে চূড়ান্ত হয়।
তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে যাওয়ার পর কার কার সঙ্গে বৈঠক হবে, তা চূড়ান্ত হলে গণমাধ্যমকে জানানো হবে।
এদিকে সফরকালে রোহিঙ্গা সংকট নিয়েও বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকগুলোতে রোহিঙ্গা ইস্যু গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে। সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা নিশ্চিত করাই থাকবে বাংলাদেশের অন্যতম প্রধান লক্ষ্য।























আপসের পরও গাজী নজরুলের জামিন নামঞ্জুর