কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৭৯ জন আটক
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী চলমান অভিযানে আরও ৩৭৯ জনকে আটক করেছে পুলিশ। জেলার ১৮টি থানার সব ইউনিট ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ একযোগে এ অভিযান পরিচালনা করে। মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত এ অভিযান চলে।
বুধবার সকালে জেলা পুলিশের মিডিয়া সেলের কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন) মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, পুলিশ সুপার আনিসুজ্জামানের নির্দেশনায় কুমিল্লা নগরীসহ জেলার প্রতিটি থানার বিভিন্ন এলাকায়, বিশেষ করে কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে এমন স্থানগুলোতে অভিযান চালানো হয়। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন। আটক ৩৭৯ জনের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গত তিন দিনের অভিযানে জেলার ১৮টি থানা এলাকা থেকে মোট ১ হাজার ২৯৩ জনকে আটক করে পুলিশ। তাদের মধ্যে ৬১৯ জনকে আদালতে সোপর্দ করা হয়। যাচাই-বাছাই শেষে মুচলেকা নিয়ে ৬৭৪ জনকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। মুচলেকায় ছাড়া পাওয়া ব্যক্তিদের অধিকাংশই ছাত্র।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান সমকালকে বলেন, কুমিল্লায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত পুলিশের অভিযান অব্যাহত থাকবে।






















ইরানের বিরুদ্ধে যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে: ট্রাম্প