গোপালগঞ্জে নাশকতার পর ঢাকায় আত্মগোপন, ৩ যুবলীগ নেতা গ্রেপ্তার
গোপালগঞ্জে নাশকতার পর রাজধানীর মোহাম্মদপুরে আত্মগোপনে থাকা রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোররাতে মোহাম্মদপুর থানার মোহাম্মদিয়া হাউজিং রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসআরবি-২-এর নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কাশিয়ানী থানা যুবলীগের সাবেক সভাপতি কাজী নুরুল আমিন তুহিন, মো. বিল্লাল হোসেন ও মো. আবুল বাশার।
এসআরবি-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস জানান, গ্রেপ্তার তিনজনই গোপালগঞ্জের বাসিন্দা এবং নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সদস্য। তাদের মধ্যে কাজী নুরুল আমিন তুহিন (৫৫) যুবলীগের কাশিয়ানী থানা কমিটির সাবেক সভাপতি। তিনি আওয়ামী লীগের ৫১ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
এসআরবি-২ জানায়, গোপালগঞ্জে নাশকতা সৃষ্টির পর ওই তিনজন ঢাকায় এসে মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিং রোড এলাকায় অবস্থান করছিলেন। তারা ওই এলাকার বাসিন্দা নন। নাশকতা সৃষ্টি ও জনমনে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে সেখানে অবস্থানের কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন বলে দাবি করেছে বাহিনীটি।
মেজর এম মুবীন রহমান তাপস জানান, গ্রেপ্তারদের বিষয়ে গোপালগঞ্জের পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
এসআরবি-২-এর দেওয়া তথ্য অনুযায়ী, কাজী নুরুল আমিন তুহিনের বিরুদ্ধে গোপালগঞ্জের কাশিয়ানী থানায় হত্যাচেষ্টা, বেআইনি সমাবেশ, অনধিকার প্রবেশ, চুরি, অগ্নিসংযোগ, মারধর ও গুরুতর জখমের অভিযোগে একটি মামলা রয়েছে। এ ছাড়া ডিএমপির যাত্রাবাড়ী থানায় খুন, হত্যাচেষ্টা, গুরুতর জখম, অপরাধমূলক ষড়যন্ত্র, দাঙ্গা ও বেআইনি সমাবেশের অভিযোগে আরও একটি মামলা রয়েছে।






















গোপালগঞ্জে নাশকতার পর ঢাকায় আত্মগোপন, ৩ যুবলীগ নেতা গ্রেপ্তার