ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের বহির্বিভাগের নতুন আটতলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ও মৃত্যুর ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
হাসপাতাল প্রশাসনের পক্ষ থেকে গতকাল সোমবার বিকেলে মমেক হাসপাতালের অধ্যাপক ডা. গোলাম রহমানকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে অগ্নিকাণ্ডের মূল উৎস, ভবনের নিরাপত্তা ও জরুরি বহির্গমন ব্যবস্থার ত্রুটি এবং সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ বিশ্লেষণ করে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্ত কমিটির অপর সদস্যরা হলেন মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এবং গণপূর্ত (বিদ্যুৎ) বিভাগের নির্বাহী প্রকৌশলী।

জানা যায়, গতকাল সোমবার বিকেল পৌনে ৬টায় হাসপাতালের নতুন বহির্বিভাগ ভবনের নিচতলায় লিফট নিয়ন্ত্রণকক্ষের যন্ত্রাংশ অতিরিক্ত উত্তপ্ত হয়ে আগুনের সূত্রপাত হয়। লিফটের ফাঁকা স্থান দিয়ে বিষাক্ত ধোঁয়া মুহূর্তেই প্রতিটি তলায় ছড়িয়ে পড়লে ভর্তি থাকা শত শত রোগী ও স্বজনের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। বহুতল ভবনটিতে পাঁচটি সিঁড়ির মধ্যে চারটিই তালাবদ্ধ থাকা এবং কোনো সুনির্দিষ্ট জরুরি বহির্গমন পথ না থাকায় সাধারণ মানুষ একটিমাত্র উন্মুক্ত সিঁড়ি দিয়ে দ্রুত নামার চেষ্টা করেন। এ সময় হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কিতে পদদলিত হয়ে এক শিশুসহ ছয়জনের মৃত্যুর খবর প্রকাশিত হয়। তবে তাৎক্ষণিকভাবে মৃত্যুর খবর অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের উপপরিচালক ডা. জাকিউল ইসলাম বলেন, ‘অগ্নিকাণ্ডের ভয়াবহতা, দায়ীদের অবহেলা এবং হতাহতের পুরো বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখতেই এ উচ্চপর্যায়ের তদন্ত কমিটি কাজ শুরু করেছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’






















ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন