মানিকগঞ্জে যুবককে অপহরণ ও ব্ল্যাকমেইল: নারীসহ গ্রেফতার ৩
নাহিদুল ইসলাম হৃদয়, বিশেষ প্রতিনিধি:- মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কাচারি কান্দি মাঝিপাড়া এলাকায় বিজয় হালদার নামে এক যুবককে অপহরণ করে হাত-পা বেঁধে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ তিনজনকে আটক করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। তবে ঘটনার সাথে জড়িত আরও একজন পলাতক রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাত আনুমানিক ৮টার দিকে বিজয় হালদারকে একটি সংঘবদ্ধ চক্র অপহরণ করে একটি গোপন স্থানে আটকে রাখে। পরে তার হাত-পা বেঁধে এক তরুণীর সঙ্গে আপত্তিকর ভিডিও ধারণ করা হয় বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভিকটিমের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে চক্রটি।
ঘটনাটি জানতে পেরে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেনের দিকনির্দেশনায় তাৎক্ষণিক অভিযানে নামে পুলিশ। কৃষ্ণপুর ইউনিয়নের সহকারী বিট কর্মকর্তা এএসআই শাহ আলম, এএসআই আকরামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এবং স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিত টের পেয়ে দুর্বৃত্তদের একজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে রাতভর অভিযান চালিয়ে ৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ১টার দিকে ভিকটিম বিজয় হালদারকে সশরীরে উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে ঘটনায় জড়িত রাজিবপুর এলাকার বাসিন্দা তিনজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন পাখি আক্তার (১৯) ও মনির (২২) এবং রিদয় (২০)। মানিকগঞ্জ সদর থানা পুলিশ জানায়, অভিযানের সময় পালিয়ে যাওয়া অভিযুক্ত অপর ব্যক্তিকে গ্রেফতরে অভিযান ও অনুসন্ধান জোরদার করা হয়েছে।
এ বিষয়ে কৃষ্ণপুর ইউনিয়নের সহকারী বিট কর্মকর্তা এএসআই শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপহরণ ও ব্ল্যাকমেইলিংয়ের ঘটনাটি সত্য। ভিকটিমকে উদ্ধার করা হয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


























দোকানে ঢুকে গুলি: অস্ত্র সরবরাহের অভিযোগ ওঠা ২ নারী কারাগারে