যশোর-বেনাপোল মহাসড়কে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩
যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। নিহত ও আহত সবাই মোটরসাইকেলের আরোহী। শুক্রবার দিবাগত গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন যশোর সদর উপজেলার মণ্ডলগাতী গ্রামের শামিম হোসেনের ছেলে সিয়াম হোসেন (১৯), শহরের বেজপাড়া রানার অফিস মোড় এলাকার আরিফুল ইসলাম জয় (১৮) এবং অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি।
আহত দুজন হলেন মণ্ডলগাতী গ্রামের আব্দুল কাদেরের ছেলে ওমর ফারুক এবং রুহুল আমিনের ছেলে রাকিব হাসান রিফাত। তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সিয়াম হোসেন, ওমর ফারুক ও রাকিব হাসান রিফাত একই মোটরসাইকেলে মণ্ডলগাতী এলাকা থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি নতুনহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। অপর মোটরসাইকেলটি বেনাপোল থেকে যশোরের দিকে যাচ্ছিল।
সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত সিয়াম হোসেন একটি মোটরসাইকেলের আরোহী ছিলেন। অন্য দুজন বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির আরোহী ছিলেন। দুর্ঘটনায় আহত ওমর ফারুক ও রাকিব হাসান রিফাতকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

























যশোর-বেনাপোল মহাসড়কে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩