সাফে প্রথমবার আসছে ভিএআর, পরিচালিত হবে থাইল্যান্ড থেকে
রেফারির সিদ্ধান্ত আরো নিখুত করতে এখন ভিডিও সহকারী রেফারি (ভিএআর) প্রযুক্তি ব্যবহার হয়। বৈশ্বিক টুর্নামেন্ট এমনকি অনেক দেশের ঘরোয়া ফুটবলে এটা ব্যবহার হচ্ছে। দক্ষিণ এশিয়ার ফুটবলে এবারই প্রথম এটার ব্যবহার হতে যাচ্ছে চলমান সাফে। সেমিফাইনালের দুই ম্যাচ ও ফাইনালে ভিএআর ব্যবহারের বিষয়টি আজ সন্ধ্যায় আনুষ্ঠানিক এক বিবৃতিতে নিশ্চিত করেছে সাফ।
আসিয়ান ফুটবল ফেডারেশনের (এএফএফ) সহযোগিতায় সাফ ভিএআর প্রযুক্তি ব্যবহার করছে। স্পেনভিত্তিক ফিফা-স্বীকৃত প্রযুক্তি প্রতিষ্ঠান ‘কোয়ালিটি’ এই কার্যক্রম পরিচালনা করবে। তাদের কেন্দ্রীয় কার্যক্রম চলবে থাইল্যান্ড থেকে। ঢাকা সাফে ব্যবহার হবে রিমোট ভিএআর পদ্ধতি। ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের সরাসরি ভিডিও ফুটেজ পাঠানো হবে থাইল্যান্ডে। সেখানে প্রশিক্ষিত ভিডিও ম্যাচ কর্মকর্তারা ফুটেজ পর্যালোচনা করে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) নির্ধারিত ভিএআর প্রটোকল অনুসরণ করে তারা মাঠের রেফারিকে সিদ্ধান্ত দেবেন।
জাতীয় স্টেডিয়ামে স্থাপন করা হয়েছে রেফারি রিভিউ এরিয়া (আরআরএ) এবং টেকনিক্যাল অপারেশনস টিম এরিয়া মনিটর (টিওটিএএম)। প্রযুক্তির নির্বিঘ্ন ব্যবহার নিশ্চিত করতে কোয়ালিটির বিশেষজ্ঞরা মাঠে থেকেই কাজ করছেন। থাইল্যান্ড থেকে পর্যবেক্ষণ করলে ইন্টারনেটের মাধ্যমে ফুটেজ যাবে। স্থান-সময়গত দূরত্ব সমস্যা হতে পারে। এ নিয়ে সাফের সাধারণ সম্পাদক পুরুষত্তোম ক্যাটেল বলেন, ‘আসিয়ান কাপের ভিএআর থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফেও সেটা অনুসরণ করা হচ্ছে। ইন্টারনেট ও অন্য বিষয়গুলো নিয়ে আমাদের ব্যবস্থা রয়েছে। আশা করি সুন্দরভাবেই সম্পাদন হবে।’
সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল এই উদ্যোগকে দক্ষিণ এশিয়ার ফুটবলের জন্য মাইলফলক হিসেবে উল্লেখ করে বলেন, ‘ভিএআর চালু করা দক্ষিণ এশিয়ার ফুটবলের জন্য যুগান্তকারী মুহূর্ত। প্রতিযোগিতার পেশাদার মান বাড়ানোর ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্রযুক্তি চালু করতে মূল্যবান সহযোগিতার জন্য এএফসি ও এএফএফের প্রতি আমরা কৃতজ্ঞ।’






















সাফে প্রথমবার আসছে ভিএআর, পরিচালিত হবে থাইল্যান্ড থেকে