সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার
রাজধানীর উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই বাসায় পরিবারের সদস্যদের সঙ্গে বসবাস করছিলেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর।
ওসি খালিদ মনসুর বলেন, উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে আটক করা হয়েছে। পরে তাঁকে থানায় নিয়ে আসা হয়।
তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলার বিষয়ে আইনগত দিক যাচাই-বাছাই করা হচ্ছে।
নুরুল ইসলাম নাহিদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি সিলেট-৫ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য।
২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠন করলে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান নুরুল ইসলাম নাহিদ। এরপর টানা ১০ বছর তিনি এ দায়িত্ব পালন করেন।






















সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার