‘স্থানীয় সরকার নির্বাচনে যেকোনো বৈধ প্রার্থীই লড়তে পারবেন’
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বা মনোনয়ন থাকছে না। বৈধ যে কোনো প্রার্থী এই নির্বাচনে অংশ নিতে পারবেন এবং তাঁরা যেন নির্বিঘ্নে প্রচার-প্রচারণা চালাতে পারেন, সরকার তা নিশ্চিত করবে।
আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এসব কথা জানান। এর আগে তিনি ও স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী আরও জানান, সরকার আগেই সিদ্ধান্ত নিয়েছে যে চলতি অর্থবছরের মধ্যেই পাঁচ ধাপে স্থানীয় সরকারগুলোর নির্বাচন সম্পন্ন করা হবে। নির্বাচনকে সম্পূর্ণ স্বচ্ছ, অবাধ ও গ্রহণযোগ্য করতে সরকার তৎপর রয়েছে। যেহেতু দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে না, তাই সব বৈধ প্রার্থীর সমান সুযোগ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।
এর আগে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সারাহ কুক সাংবাদিকদের জানান, যুক্তরাজ্য বাংলাদেশের মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় বিনিয়োগ করতে গভীরভাবে আগ্রহী। দীর্ঘদিনের অংশীদারত্ব থেকে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে দুই দেশ কীভাবে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে পারে, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশের বিভিন্ন খাতে যুক্তরাজ্য এরই মধ্যে ১০০ মিলিয়ন পাউন্ডেরও বেশি বিনিয়োগ করেছে।
যুক্তরাজ্যের এই সহযোগিতার বিষয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, দেশটি বর্তমানে সুন্দরবন অঞ্চলে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় কাজ করছে। এর পাশাপাশি দেশের নগর উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তিতে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পেও যুক্তরাজ্য সরকার গুরুত্বপূর্ণ সহায়তা দিয়ে যাচ্ছে।


























র্যাব বিলুপ্ত, এসআরবি বিল সংসদে পাস