গুম-খুনের মামলা: জিয়াউলের বিরুদ্ধে চলছে দ্বিতীয় দিনের যুক্তিতর্ক
আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনাকর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো চলছে প্রসিকিউশনের যুক্তিতর্ক। এ কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
বুধবার (২৫ নভেম্বর) বেলা সোয়া ১১টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে যুক্তিতর্ক শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
দ্বিতীয় দিনের মতো আজও যুক্তি উপস্থাপন করছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষীদের বিভিন্ন বক্তব্য ও জবানবন্দির প্রাসঙ্গিক অংশ তুলে ধরছেন তিনি।
২৪ নভেম্বর এ যুক্তিতর্ক শুরু হয়। প্রথম দিনের যুক্তিতর্কে জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা অভিযোগ ও মামলার ঘটনাবলি তুলে ধরেন চিফ প্রসিকিউটর। এ সময় একে একে সাক্ষীদের নাম উল্লেখ করেন তিনি। একই সঙ্গে জিয়াউলের দেহরক্ষী ইমরুল কায়েসের সাক্ষ্য পড়ে শোনান। এরপর মামলার প্রথম সাক্ষী তৎকালীন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, ১৩তম সাক্ষী মেজর (অব.) সাব্বির রহমান ওসমানীসহ প্রত্যক্ষদর্শীদের জবানবন্দির বিভিন্ন অংশ তুলে ধরেন।
সাব্বির রহমান ওসমানীর জবানবন্দিতে বরগুনার পাথরঘাটা ও সুন্দরবন এলাকায় চালানো হত্যাকাণ্ডের বিবরণ রয়েছে। তার সাক্ষ্য অনুযায়ী, ভুক্তভোগীদের ট্রলারে করে নিয়ে গুলি করার পর পেট কেটে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো। এসব বর্ণনা তুলে ধরে চিফ প্রসিকিউটর বলেন, মানুষ হত্যার সময় রক্ত যেন নিজের গায়ে না লাগে, সে জন্য বালিশ ব্যবহার করতেন জিয়াউল আহসান। নৌকায় একজন গুলি করতেন, আরেকজন পেট কেটে নাড়িভুঁড়ি বের করতেন বলেও যুক্তিতর্কে উল্লেখ করেন তিনি।
প্রসিকিউশন জানায়, স্বচ্ছতার সঙ্গে জিয়াউল আহসানের বিচারকাজ এগিয়ে নিতে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক সরাসরি সম্প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। বিটিভি ও প্রসিকিউশনের ফেসবুক পেজ থেকে দেশবাসী এ কার্যক্রম সরাসরি দেখতে পারবেন।
নিরাপত্তাজনিত কারণে সশরীরে ট্রাইব্যুনালে উপস্থিত না হয়ে ভার্চুয়ালি উপস্থিত রয়েছেন মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান। গত ২২ নভেম্বর তার পক্ষে সাফাই সাক্ষ্য দেন আইনজীবী তাসলিমা জাহান পপি। সাক্ষ্য দেওয়ার সময় জিয়াউল আহসানের মামলাসংক্রান্ত কিছু কাগজপত্র ও ভিডিও উপস্থাপন করেন তিনি।
গত ১৯ নভেম্বর মামলার ১৫তম সাক্ষী তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের জেরার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হয়।
এ মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে সুনির্দিষ্ট তিনটি অভিযোগ এনেছে প্রসিকিউশন। প্রথম অভিযোগটি ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুর সদর থানার পুবাইলে সড়কের পাশে জিয়াউলের সরাসরি উপস্থিতিতে সজলসহ তিনজনকে হত্যার।
দ্বিতীয় অভিযোগের সময়কাল ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত। এ সময়ে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের চরদুয়ানী খালঘেঁষা বলেশ্বর নদীর মোহনায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।
তৃতীয় অভিযোগেও ৫০ জনকে হত্যার কথা বলা হয়েছে। প্রসিকিউশনের অভিযোগ, একই সময়ে বরগুনার বলেশ্বর নদী ও বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে তথাকথিত বনদস্যু দমনের আড়ালে মাসুদসহ ৫০ জনকে হত্যা করা হয়।
এসব হত্যাকাণ্ডের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ২৩ ডিসেম্বর জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। এর আগে ১৭ ডিসেম্বর তার বিরুদ্ধে তিনটি অভিযোগ আমলে নেওয়া হয়। একই দিন ফরমাল চার্জ দাখিল করে প্রসিকিউশন।






















গুম-খুনের মামলা: জিয়াউলের বিরুদ্ধে চলছে দ্বিতীয় দিনের যুক্তিতর্ক