চাঁপাইনবাবগঞ্জে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৩
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যৌথ অভিযানে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি)। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন, এটিএম কার্ড ও মানিব্যাগ জব্দ করা হয়।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ৯টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব-৫-এর মিডিয়া সেল।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— শিবগঞ্জ উপজেলার পার দিলালপুর গ্রামের মৃত আজাহার আলীর ছেলে মো. বশির উদ্দিন (৫৬), কলাবাড়ী গ্রামের মৃত রজবুল হকের ছেলে মো. মানিক (৩৮) এবং চাঁদ শিকারী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো. ইউসুফ আলী (৫০)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ অক্টোবর (শুক্রবার) দুপুরে শিবগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্বর্ণকার পট্টি সংলগ্ন মুকিম মার্কেটের একটি দোকানে অভিযান চালায় সিপিএসসি (এসআরবি-৫, রাজশাহী) এবং সিপিসি-১ (এসআরবি-৫, চাঁপাইনবাবগঞ্জ)-এর একটি যৌথ দল। অভিযানে ৩ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাদের কাছ থেকে ৫ লাখ ৯৩ হাজার টাকার সমমূল্যের জাল নোট, নগদ ২০ হাজার ৬৪০ টাকা, ৩টি মোবাইল ফোন, ২টি এটিএম কার্ড ও ২টি মানিব্যাগ জব্দ করা হয়।
সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার সিনিয়র পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, আসামিদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে উদ্ধারকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক মামলা দায়ের করা হয়েছে।






















যশোর-বেনাপোল মহাসড়কে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩