ধানমন্ডি থানার হত্যা মামলায় সাঈদ খোকনকে গ্রেপ্তার দেখানো হলো
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে ধানমন্ডি থানার একটি জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এক দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা জানান, তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। পুলিশের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
এর আগে, মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এক বার্তায় জানায়, বারিধারার ৯ নম্বর রোডের ১৩ নম্বর বাসা থেকে এসআরবি-০১ এর একটি দল তাকে গ্রেপ্তার করে।
এসআরবির আইন ও গণমাধ্যম শাখার (মিডিয়া উইং) পরিচালক এবং মুখপাত্র উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরীও সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাঈদ খোকনকে গ্রেপ্তারের পর ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তরের কথা নিশ্চিত করেছেন ডিএমপির আওতাধীন ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। তিনি জানান, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনাসহ অনেকগুলো মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ঢাকা–৬ আসনের সাবেক সংসদ সদস্য সাঈদ খোকন ডিএসসিসির প্রথম মেয়র ছিলেন। তিনি তিনি অবিভক্ত ঢাকা সিটির মেয়র মোহাম্মদ হানিফের ছেলে।
২০২৪ সালের ২৩ ডিসেম্বর সাঈদ খোকন, তার মা শাহানা হানিফ, স্বজন ফারহানা সাঈদ ও জাবেদ আহমেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত। ২০২৫ সালের ২৬ ফেব্রুয়ারি তাদের নামে থাকা ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।
একইসঙ্গে সাঈদ খোকনের নামে থাকা গুলশানে একটি ১৪ তলা বাড়ি ও বনানীতে থাকা দুটি বাড়ি জব্দের আদেশ দিয়েছেন। এছাড়া সাঈদ খোকনের মা শাহানা হানিফের নামে বারিধারায় থাকা জমি ও বাড়ি জব্দ করা হয়েছে।






















সংসদ সদস্য পদ ছাড়লেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক