নরসিংদীর মনোহরদীতে এসিল্যান্ড সজিব মিয়ার কঠোর পদক্ষেপ: ৩ মাসে ৫৭ শতাংশ জমি উদ্ধার, ২১ মামলায় কারাদণ্ড ও জরিমানা
মোঃ মোবারক হোসেন নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নিয়ন্ত্রণ ও সরকারি সম্পত্তি পুনরুদ্ধারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বড় সাফল্য এসেছে।
গত জুন, জুলাই ও আগস্ট—এই তিন মাসে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫৭.৩২ শতাংশ অবৈধভাবে দখলকৃত জমি উদ্ধার এবং ২১টি মামলায় সাজা ও জরিমানা আদায় করা হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অপরাধের ধরন অনুযায়ী তিন ধরনের আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদকের বিস্তার রোধে পরিচালিত ১৮টি মামলায় ১৮ জন আসামিকে মোট ২,৬৭০ দিনের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়।
জনস্বাস্থ্য সুরক্ষায় ২ কসমেটিক্স ও ওষুধ সংক্রান্ত মামলায় মোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। দণ্ডবিধির আওতায় ১টি মামলায় ১ জন আসামিকে ৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া, ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন’-এর আওতায় উপজেলার বড়চাপা ও গোতাশিয়া এলাকায় আদালতের নির্দেশে পরিচালিত অভিযানে ৫৭.৩২ শতাংশ জমি উদ্ধার করে উপজেলা ভূমি প্রশাসন।
অভিযানের বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া জানান, “উপজেলায় আইনশৃঙ্খলা বজায় রাখা, মাদক ও ভেজালের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন এবং সরকারি সম্পত্তি রক্ষায় এই অভিযান চালানো হচ্ছে। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”



























নরসিংদীর মনোহরদীতে এসিল্যান্ড সজিব মিয়ার কঠোর পদক্ষেপ: ৩ মাসে ৫৭ শতাংশ জমি উদ্ধার, ২১ মামলায় কারাদণ্ড ও জরিমানা