রিসোর্টে আগুন: মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা
কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় রিসোর্টের মালিক তানভীর আহমদকে প্রধান আসামি করে মামলা করেছে পুলিশ। মামলায় রিসোর্টের ম্যানেজার মোহাম্মদ সুমনকেও আসামি করা হয়েছে। শনিবার দিবাগত রাতে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।
রোববার (১৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার।
পুলিশ সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনায় রিসোর্টের ম্যানেজার সুমনকে আটক করার পর এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঘটনাস্থল থেকে তাঁকে আটক করে পুলিশ। পরে তাঁকে উখিয়া থানায় নেওয়া হয়।
এর আগে শনিবার সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত রিসোর্টটিতে আগুন লাগে। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে প্রাণহানি ও হতাহতের ঘটনা ঘটে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান জানান, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। তদন্তের মাধ্যমে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।
এদিকে রিসোর্টটির নিরাপত্তাব্যবস্থা, প্রয়োজনীয় অনুমোদন এবং অগ্নিনিরাপত্তার ব্যবস্থা যথাযথ ছিল কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত ও মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। হতাহতদের বিষয়ে প্রয়োজনীয় তথ্যও সংগ্রহ করছে পুলিশ।






















পূজামণ্ডপে পদদলিত হয়ে মৃত্যু বেড়ে ১৯, গ্রেপ্তার ৭