সাভারে ডিবির অভিযানে চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, প্রাইভেটকার উদ্ধার
গোলাম আহমেদ সবুজ,ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। এ সময় তাদের হেফাজত থেকে একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। সোমবার (২৬ অক্টোবর) ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. রাশেদ মিয়া ও তাঁর সঙ্গীয় ফোর্স ২৫ অক্টোবর দুপুর ১টা ৫ মিনিট থেকে বিকেল ৪টা ৪০ মিনিট পর্যন্ত সাভার মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সাভারের আমিনবাজার এলাকার বেগুনবাড়ির মো. সোহেল ওরফে বুস সোহেল (৪০), খুলনার পাইকগাছা এলাকার মো. শাহিন গাজী (৩০), জামালপুরের ইসলামপুরের মো. সুমন মিয়া (৩৩) এবং শেরপুরের শ্রীবরদী এলাকার সিদ্দিক (৩৬)। তাঁরা সবাই সাভারের বিভিন্ন এলাকায় বসবাস করতেন বলে পুলিশ জানিয়েছে।

ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানায়। পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার সোহেল ওরফে বুস সোহেলের বিরুদ্ধে মাদক ও চুরিসহ মোট পাঁচটি মামলা রয়েছে। অপর গ্রেপ্তার শাহিন গাজীর বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় সাভার মডেল থানার মামলা নং-৮১, তারিখ ২৩ অক্টোবর ২০২৬, দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে সাত দিনের রিমান্ড আবেদনসহ তাঁদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
*ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।






















‘ক্রসফায়ার’ নিয়ে বিতর্কিত মন্তব্য : আইজিপির অপসারণ চায় এনসিপি