সাভার-আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭, এক আসামির বিরুদ্ধে ১২ মামলা
সাভার প্রতিনিধি:- গোলাম আহমেদ সবুজ ঢাকার সাভার ও আশুলিয়ায় পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ১ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। গ্রেপ্তারদের মধ্যে একজনের বিরুদ্ধে ১২টি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ৩১ আগস্ট রাতে এসব অভিযান পরিচালনা করা হয়।
ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে পৃথক অভিযানে ডিবির সদস্যরা অংশ নেন। পুলিশ জানায়, প্রথম অভিযানে রাত ৮টা ২০ মিনিটের দিকে আশুলিয়া থানার ইয়ারপুর এলাকা থেকে আহম্মদ আলী (৪০)-কে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। এরপর রাত ৯টার দিকে আশুলিয়ার বড়টেক মধুপুর এলাকা থেকে মো. সাগর মুন্সি (৩৫) নামে আরেক ব্যক্তিকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, সাগর মুন্সির বিরুদ্ধে এর আগে ১২টি মাদক মামলা রয়েছে। রাত ৯টা ৪০ মিনিটে আশুলিয়ার শ্রীপুর এলাকা থেকে মিলন মোল্লা (৩০)-কে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এ ছাড়া রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার কাইচাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে রাশিদা আক্তার রাশু (২৫), শ্যামল রাজবংশী (৩২), মো. জাফর শেখ (৪৫) ও মো. সাইফুল ইসলাম (৪৫)—এই চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।
পুলিশের হিসাব অনুযায়ী, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ৩ লাখ ৩০ হাজার টাকা এবং গাঁজার আনুমানিক মূল্য ১ লাখ ৪৭ হাজার টাকা। ঢাকা জেলা ডিবি (উত্তর) জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে। ডিবি পুলিশ আরও জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

























সাভার-আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭, এক আসামির বিরুদ্ধে ১২ মামলা