দেশ রক্ষায় কোনো ধরনের শৈথিল্য নয়, পাকিস্তানের হুঁশিয়ারি
এক সরকারি বিবৃতিতে তিনি জানান, ফিল্ড মার্শাল অসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তানের সশস্ত্র বাহিনী যেকোনো শত্রুতাপূর্ণ তৎপরতার মোকাবিলা করতে সম্পূর্ণ সক্ষম।
শাহবাজ শরিফ বলেন, সশস্ত্র বাহিনী দেশের নিরাপত্তার বিরুদ্ধে কোনো হুমকি বরদাশত করবে না। তিনি আরও বলেন, মাতৃভূমি রক্ষায় কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না এবং যেকোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়া হবে।
প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান সবসময় শান্তি চেয়েছে, তবে দেশের ঐক্য ও অখণ্ডতায় আঘাত এলে সশস্ত্র বাহিনী দৃঢ়ভাবে তা মোকাবিলা করবে।
এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় চলমান সংঘর্ষের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তার মুখপাত্র স্টেফান দুজারিকের মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি উভয় দেশকে আন্তর্জাতিক আইন ও মানবিক আইনের প্রতি কঠোরভাবে শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে গুতেরেস বলেন, সীমান্তে সংঘর্ষের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় বেসামরিক নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা এখন সবচেয়ে জরুরি। তিনি উভয় পক্ষকে অবিলম্বে উত্তেজনা হ্রাস করে সংলাপের পথে ফিরে আসার আহ্বান জানান।
শুক্রবার সকালে সর্বশেষ খবর অনুযায়ী, পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। নিরাপত্তা সূত্রের দাবি, পাকিস্তান বিমান বাহিনী (পিএএফ) আফগানিস্তানের নানগারহার প্রদেশে একটি বড় অস্ত্র ও গোলাবারুদের ডিপোতে বিমান হামলা চালিয়ে তা ধ্বংস করেছে। সে সঙ্গে সরাসরি যুদ্ধের ঘোষণাও দিয়েছে পাকিস্তান।
জিওটিভি নিউজকে পাকিস্তানের সরকারি এক কর্মকর্তা শুক্রবার জানান, সীমান্তে উসকানিমূলক হামলার জবাবে নেওয়া অভিযানে আফগান তালেবান প্রশাসনের ১৩৩ জন সদস্য নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়েছেন। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
নিরাপত্তা সূত্রের ভাষ্য অনুযায়ী, তালেবান বাহিনীর পদক্ষেপের জবাবে পাকিস্তানি বাহিনী ‘গাজাব-লিল-হক’ নামে একটি অভিযান শুরু করে। ভোর ৩টা ৪৫ মিনিট পর্যন্ত চলমান সংঘর্ষের হালনাগাদ তথ্য জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈদেশিক গণমাধ্যমবিষয়ক মুখপাত্র মুশাররফ জাইদি বলেন, পাকিস্তানের পাল্টা হামলা অব্যাহত রয়েছে এবং আফগানিস্তানের বিভিন্ন স্থানে লক্ষ্যবস্তুতে আঘাত হানা হচ্ছে।



























