খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়- এ কোচিং বাণিজ্যের অভিযোগে শোকজ
কলাপাড়ার ঐতিহ্যবাহী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়-এ কোচিং বাণিজ্য ও বিদ্যালয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী পাঠদান না করার অভিযোগে প্রশাসন নড়েচড়ে বসেছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, ২০ এপ্রিল ২০২৬ তারিখে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বিদ্যালয়ে নিয়মিত পাঠদান ব্যাহত হওয়া, দুপুর ২টায় ছুটি দিয়ে শ্রেণিকক্ষে কোচিং ও প্রাইভেট পড়ানোর অভিযোগ উঠে আসে। এতে বিদ্যালয়ের সার্বিক শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রশাসনের মতে, এ ধরনের কর্মকাণ্ডে সরকারের শিক্ষা ব্যবস্থার ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এবং বিষয়টি ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করেছে। এ প্রেক্ষিতে প্রকাশিত সংবাদ ও প্রাপ্ত অভিযোগের বিষয়ে তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলেও নোটিশে উল্লেখ রয়েছে।
নোটিশে স্বাক্ষর করেন উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ। অনুলিপি পাঠানো হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল এবং জেলা প্রশাসক, পটুয়াখালী বরাবর।
এ ঘটনায় স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে বিদ্যালয়ে নিয়মিত পাঠদান নিশ্চিত করার দাবি জানিয়েছেন।























