আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার
আশুলিয়ার জামগড়া এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আরও একজন অভিযুক্ত পলাতক রয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন— সিফাত (১৮), পিতা: মো. জয়নাল, মাতা: শাহনাজ, জামগড়া প্রাইমারি স্কুলের পেছনে লীলা চৌধুরীর বাড়ির ভাড়াটিয়া; মো. মমিন শেখ (১৮), পিতা: মো. মোবারক শেখ, মাতা: মোছা. নাছরিণ বেগম, গ্রামের বাড়ি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার চাপখন্ড এলাকায়, বর্তমানে জামগড়ায় সোহেলের বাসার ভাড়াটিয়া; এবং মো. সুমন শেখ (১৮), পিতা: মো. দেলোয়ার শেখ, মাতা: মোছা. মিনা খাতুন, গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার সলংগা থানার রাউলী এলাকার বাসিন্দা। এ ঘটনায় অভিযুক্ত মো. জাকির হোসেন পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২০ জুন, ২০২৬) সকাল প্রায় ১১টার দিকে ভুক্তভোগী তরুণীর সঙ্গে পূর্বপরিচয়ের সূত্র ধরে অভিযুক্ত মমিন তাকে জামগড়া প্রাইমারি স্কুলের পেছনে অবস্থিত সিফাতের ভাড়া বাসার একটি কক্ষে নিয়ে যায়। সেখানে সিফাত, মমিন ও সুমন মিলে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে।
এ সময় পলাতক অভিযুক্ত জাকির হোসেন ভুক্তভোগীর মোবাইল ফোনটি নিজের কাছে রেখে দেয় বলে অভিযোগ রয়েছে।
ঘটনার খবর পেয়ে অভিযান চালিয়ে আশুলিয়া জামগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রাশেদ ও সঙ্গীয় ফোর্স জামগড়া প্রাইমারি স্কুলসংলগ্ন এলাকা থেকে সিফাত, মমিন ও সুমনকে গ্রেপ্তার করেন।
পরে তাদের আশুলিয়া থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পলাতক অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।



















