কাজাখস্তানকে চার গোল দিয়ে টানা তৃতীয় জয় বাংলাদেশের
চীনে চলমান অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকিতে দুর্দান্ত ছন্দে রয়েছে বাংলাদেশ নারী দল। টুর্নামেন্টে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। আজ সকালে কাজাখস্তানকে ৪-০ গোলে হারিয়ে হ্যাটট্রিক জয় পূর্ণ করেছে বাংলাদেশ। এর আগে প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে বড় ব্যবধানে হারানোর পর পাকিস্তানকেও পরাজিত করেছিল বাংলাদেশ। অন্যদিকে, পুরুষ দল এখনো জয়ের মুখ দেখেনি।
কাজাখস্তানের বিপক্ষে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের হাতে। প্রথম কোয়ার্টারেই দুই গোল করে এগিয়ে যায় তারা। দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে আর কোনো গোল না হলেও শেষ ১৫ মিনিটে আরও দুইবার জালে বল পাঠায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। বাংলাদেশের হয়ে রিমন দুটি গোল করেন। লিজা ও লিমা করেন একটি করে গোল।
অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে বাংলাদেশ নারী দল খেলছে চ্যালেঞ্জার গ্রুপে। এই গ্রুপে তুলনামূলক উন্নয়নশীল দেশগুলোর দল রয়েছে। বাংলাদেশের পরবর্তী ম্যাচ হংকংয়ের বিপক্ষে। চ্যালেঞ্জার গ্রুপে বাংলাদেশের অবস্থানের ওপর নির্ভর করবে পরবর্তী ধাপে এলিট গ্রুপের কোন দলের বিপক্ষে স্থান নির্ধারণী ম্যাচ খেলবে তারা।
এদিকে আজ বিকেলে মাঠে নামবে বাংলাদেশ পুরুষ দল। তাদের প্রতিপক্ষ কাজাখস্তান। টুর্নামেন্টে প্রথম দুই ম্যাচে হারের পর জয়ের খোঁজে রয়েছে পুরুষ দলটি।




























আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি