দেবিদ্বার পৌরসভায় কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি: শাহ্ আল-আমিন আমানত কুমিল্লার দেবিদ্বার পৌরসভায় জলাতঙ্ক প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় কুকুরকে টিকাদান (ভ্যাকসিন) কর্মসূচি শুরু হয়েছে। পৌর এলাকার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে কুকুর শনাক্ত করে তাদের শরীরে জলাতঙ্ক প্রতিরোধী টিকা প্রয়োগ করা হচ্ছে। এ কর্মসূচির মাধ্যমে পৌর এলাকার কুকুরের মধ্যে জলাতঙ্কের ঝুঁকি কমানোর পাশাপাশি মানুষের মধ্যে রোগটি ছড়িয়ে পড়ার আশঙ্কা হ্রাস পাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
শনিবার (২০ সেপ্টেম্বর) দেবিদ্বার পৌরসভা এলাকায় এ টিকাদান কর্মসূচির কার্যক্রম শুরু হয়। কর্মসূচি পরিদর্শন ও উদ্বোধনী কার্যক্রমে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা এবং দেবিদ্বার পৌরসভার প্রশাসক মো. ফয়সল উদ্দিন। কর্মসূচির আওতায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে থাকা কুকুরগুলোকে পর্যায়ক্রমে টিকা দেওয়া হচ্ছে। টিকাদানকারী দল নির্ধারিত এলাকায় গিয়ে কুকুর শনাক্ত করার পর নিরাপদ পদ্ধতিতে ভ্যাকসিন প্রয়োগ করছে। একই সঙ্গে কুকুরের সংখ্যা, অবস্থান ও টিকাদানের তথ্য সংরক্ষণ করা হচ্ছে বলে জানা গেছে।
সংশ্লিষ্টরা জানান, জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ। আক্রান্ত প্রাণীর কামড় বা আঁচড়ের মাধ্যমে এ রোগ মানুষের শরীরে ছড়িয়ে পড়তে পারে। বিশেষ করে রাস্তার কুকুরের মাধ্যমে জলাতঙ্ক ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকায় কুকুরকে নিয়মিত টিকা দেওয়া গুরুত্বপূর্ণ। টিকাদানের মাধ্যমে কুকুরের মধ্যে জলাতঙ্কের সংক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব হলে মানুষের আক্রান্ত হওয়ার ঝুঁকিও অনেকাংশে কমানো যায়। কর্মসূচি চলাকালে পৌর এলাকার বিভিন্ন সড়ক, বাজার, আবাসিক এলাকা ও জনসমাগমস্থলের আশপাশে থাকা কুকুরের প্রতি নজর দেওয়া হচ্ছে।
টিকা দেওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও সচেতন করা হচ্ছে, যাতে তারা কুকুরের আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান এবং অপ্রয়োজনে কুকুরকে উত্ত্যক্ত বা আঘাত না করেন। পৌর প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্ন নগর ব্যবস্থাপনার অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ। শুধু কুকুরকে টিকা দেওয়াই নয়, একই সঙ্গে পৌরবাসীর মধ্যে জলাতঙ্ক বিষয়ে সচেতনতা তৈরি করাও এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।
কোনো ব্যক্তি কুকুরের কামড় বা আঁচড়ের শিকার হলে দ্রুত ক্ষতস্থান পরিষ্কার করে চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের সংশ্লিষ্টরা আশা করছেন, নিয়মিত ও পরিকল্পিতভাবে কুকুরকে টিকাদানের মাধ্যমে দেবিদ্বার পৌর এলাকায় জলাতঙ্কের ঝুঁকি কমানো সম্ভব হবে। পর্যায়ক্রমে পৌরসভার বিভিন্ন এলাকায় এ কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং টিকাদান কার্যক্রমের সঙ্গে জড়িত সদস্যরা উপস্থিত ছিলেন।























ফরিদগঞ্জে ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় বিভিন্ন জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করন