মানিকগঞ্জে ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে দিল দুর্বৃত্তরা।
নাহিদুল ইসলাম হৃদয়, বিশেষ প্রতিনিধি, বাংলা ৫২ নিউজ : স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক নির্বাহী আদেশবলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন, বাংলাদেশ ছাত্রলীগের অধীনস্থ মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের উপ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক বশিরের ওপর হামলা চালিয়ে দুই হাত ও দুই পায়ের রগ কেটেছে দুর্বৃত্তরা।
মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের পালোরা চর গ্রামের মনিরের হোসেন-এর ছেলে বশির ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, হামলার ঘটনাটি সিংগাইর থানা এলাকায় ঘটেছে। তার এলাকায় ঘটেনি। পরে সিংগাইর সার্কেল সহকারী পুলিশ সুপার ফাহিম আসজাদ জানান, ঘটনাটি সদর থানা এলাকার শেষ এবং সিংগাইর থানা শুরুর ২০০ গজের মধ্যে ঘটেছে। গতকাল রাতের ঘটনায় এখনো মামলা রুজু হয়নি। কে বা কারা হামলায় জড়িত পুলিশ তদন্ত করছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আধিপত্য নিয়ে দ্বন্দ্ব থাকতে পারে। মামলা রুজু হবে। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘হামলাকারীরা বশিরের বন্ধু। তাদের বাড়ি সদর উপজেলায়। কীভাবে ইট ভাটায় নিয়ে আসলো, সে বিষয় তদন্ত চলছে। এ ঘটনায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।’ এদিকে রোববার দিবাগত মধ্য রাতের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে জেলা ছাত্রলীগ।
আজ সোমবার দুপুরে সংগঠনটির জেলা সভাপতি এম এ সিফাদ কোরাইশী ও সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা বশিরের ওপর নৃশংস হামলা চালিয়ে তার দুই হাত ও দুই পায়ের রগ কেটে দিয়েছে।






















আইন সেবাদানকারী প্রতিষ্ঠান সাদিক এন্ড কাউন্সিলের ৫ম বর্ষপূর্তি।