মিরপুরে সরকারি আবাসিক ভবনের লিফট ছিঁড়ে শিশুসহ আহত ৩
রাজধানীর মিরপুরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মিত আবাসন প্রকল্পের একটি ভবনের লিফট ছিঁড়ে তিনজন গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। আহতদের আগারগাঁওয়ের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূর্নবাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয়েছে।
আহতরা হলেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক কর্মচারী মোস্তাফিজুর রহমান (৬২), নাইস আহমেদ (৪০) ও তার ছেলে ওয়াসি (৮)। তাদের মধ্যে নাইস আহমদের দুটি পা ভেঙে গেছে।
ভবনের বাসিন্দা সরকারি কর্ম কমিশন সচিবালয়ের ব্যক্তিগত কর্মকর্তা শাহাবুদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, সকাল ৬টার দিকে পাইকপাড়া আনসার ক্যাম্পের কাছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন প্রকল্পের ১ নম্বর ভবনে এ ঘটনা ঘটে। ফজরের নামাজের পর ভবনের পাঁচ তলার তিন বাসিন্দা লিফটে ওঠেন। কিছুক্ষণ পর বিকট শব্দে লিফটটি ছিঁড়ে পড়ে। শব্দ শুনে দারোয়ান সেখানে গিয়ে লিফটের ভেতরে চিৎকার শুনতে পান। পরে আশপাশের কয়েকজন গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নেন।
ভবনের আরেক বাসিন্দা অর্থ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা সমির চন্দ্র শীল অভিযোগ করেন, লিফটটি প্রায়ই অচল থাকে। মাঝেমধ্যে সামান্য মেরামত করে চালানো হচ্ছে। এটি যে অত্যন্ত ঝুঁকিপুর্ণ এই দুর্ঘটনাই তার প্রমাণ। লিফটের বিষয়টি কয়েকবার গণপূর্ত বিভাগের কাছে চিঠি দিয়ে জানানো হলেও তারা কর্ণপাত করেনি।
মিরপুর থানা পুলিশ বলছে, এ বিষয়ে পুলিশের কাছে কেউ কোনো অভিযোগ করেনি।






















সাভারে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার