ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচে যত রেকর্ড
এক ম্যাচে একের পর এক রেকর্ড- শেষ হাসি হাসল শ্রীলঙ্কা। হ্যারি ব্রুকের বিশ্বরেকর্ড গড়া ডাবল সেঞ্চুরিতে ইংল্যান্ড তুলেছিল ৪২৯ রান। ওয়ানডে ইতিহাসে এত বড় সংগ্রহ গড়েও শেষ পর্যন্ত জিততে পারেনি তারা। ৪৩০ রানের লক্ষ্য তাড়া করে এক বল হাতে রেখে ২ উইকেটের অবিশ্বাস্য জয় পেয়েছে শ্রীলঙ্কা। ওয়ানডেতে এটি দ্বিতীয় সর্বোচ্চ সফল রান তাড়ার রেকর্ড। আর ডাবল সেঞ্চুরি করা কোনো ব্যাটারের দল প্রথমবারের মতো ওয়ানডেতে হারের মুখ দেখল এই ম্যাচে।
প্রথম ইংলিশ এবং দ্রুততম ডাবল সেঞ্চুরি
বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৪ উইকেটে ৪২৯ রান করে ইংল্যান্ড। অধিনায়ক ব্রুক ১১৬ বলে করেন ২০২ রান। তার ইনিংসে ছিল ২১টি চার ও ১০টি ছক্কা। ডাবল সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন মাত্র ১১৪ বলে। ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি। এর আগে ১১৭ বলে দুই শ রান করে রেকর্ডটি ছিল ভারতের শুভমান গিলের দখলে।
ব্রুকের এই ইনিংসে আরও কয়েকটি রেকর্ড হয়েছে। ইংল্যান্ডের প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করেছেন তিনি। এর আগে ওয়ানডেতে ইংল্যান্ডের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল বেন স্টোকসের ১৮২ রান। সেটিকেও ছাড়িয়ে গেছেন ব্রুক। পাকিস্তানের মাটিতে ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ডও এখন তার দখলে।
৮ হাজারি ক্লাবে রুট
ইংল্যান্ডের প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডেতে ৮ হাজার রান পূর্ণ করেছেন জো রুট। ১৯৭তম ওয়ানডেতে এসে এই অর্জন করেছেন তিনি।
পাকিস্তানের মাটিতে ৪০০’র বড় ইনিংস
ইংল্যান্ডের ৪২৯ রানও পাকিস্তানের মাটিতে ওয়ানডেতে কোনো দলের প্রথম ৪০০ পেরোনো সংগ্রহ। এর আগে পাকিস্তানের কোনো ভেন্যুতে সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের ৩৭৫ রান।
শ্রীলঙ্কার রেকর্ডগড়া জয়
শ্রীলঙ্কার ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড এটি। এর আগে তাড়া সর্বোচ্চ ৩২২ রান তাড়া করে জিতেছিল। সেই সঙ্গে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ডের এর অবস্থান দুই নম্বরে। ২০০৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৩৫ রান তাড়া করে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। এটা সর্বোচ্চ রান তাড়া করে জেতার বিশ্বরেকর্ড।
এক ম্যাচে ৮৫৯ রান
ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা মধ্যকার এই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে হয়েছে মোট ৮৫৯ রান। ওয়ানডে ক্রিকেটে এক ম্যাচে দুই ইনিংস মিলিয়ে সর্বোচ্চ রানের তালিকায় এর অবস্থান দুই নম্বরে। এক নম্বরে আছে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া মধ্যকার ২০০৬ সালের ম্যাচটি। সেই ম্যাচে হয়েছিল ৮৭৩ রান।






















অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত আলিস