পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের নির্বাচিত সভাপতি ড. খলিলুর রহমান গতকাল সকালে দুই দিনের সরকারি সফরে কাতারের রাজধানী দোহায় পৌঁছান
ই এম আকাশ,কাতার প্রতিনিধি:- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের নির্বাচিত সভাপতি ড. খলিলুর রহমান গতকাল সকালে দুই দিনের সরকারি সফরে কাতারের রাজধানী দোহায় পৌঁছান।
হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। সফরকালে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী কাতারের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে মিলিত হন। সফরের প্রথম দিনে তিনি কাতারের অর্থমন্ত্রী আলী বিন আহমেদ আল কুওয়ারীর সঙ্গে অর্থ মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেন এবং বৈঠকে বিনিয়োগ, ব্যাঙ্কিং ও অন্যান্য খাতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন ।
এর পর তিনি কাতার এনার্জির সদর দপ্তরে জ্বালানি বিষয়ক মন্ত্রী সাদ শেরিদা আল কাবীর সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের জ্বালানি সহযোগিতা, বিশেষত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ খাতে সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলোচনা হয়। এছাড়া সন্ধ্যায় তিনি কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আব্দুল আজিজ আল খুলাইফি এবং শ্রমমন্ত্রী ড. আলী বিন সামিখ আল মার্রির সঙ্গেও বৈঠক করেন। সফরের দ্বিতীয় দিনে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাতারের মাননীয় প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সাক্ষাৎ হয় । এই বৈঠকে জ্বালানি নিরাপত্তা, জনশক্তি ও প্রবাসী আয়, বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা সহযোগিতা, যোগাযোগ ব্যবস্থা এবং রোহিঙ্গা মানবিক সংকটসহ দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক বিষয়াদি এবং জাতিসংঘে পারস্পরিক সহযোগিতার বিষয়েও আলোচনা হয় ।
এ সময় কাতারের প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব গ্রহণের প্রেক্ষাপটে পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান । এছাড়া তিনি আজ পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি-র সঙ্গেও বৈঠক করেন । মাননীয় প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল আজ আল-জাজিরা সদরদপ্তরে উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের সাথে বৈঠকে বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন ।
মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আজ ১৯ আগস্ট সন্ধ্যায় দোহা থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন। এ সফরে দশ সদস্যবিশিষ্ট উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, বাংলাদেশ রাষ্ট্রদূত, এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক। ১৯৭৪ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে বাংলাদেশ ও কাতার অভিন্ন ধর্মীয় মূল্যবোধ, জনগণের মধ্যকার দৃঢ় সম্পর্ক এবং জ্বালানি, জনশক্তি, বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা এবং যোগাযোগ খাতে ক্রমবর্ধমান সহযোগিতার ভিত্তিতে ঘনিষ্ঠ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছে। এই সফর দুই দেশের কৌশলগত অংশীদারত্বকে আরও সুদৃঢ় করবে এবং আগামী দিনে উচ্চপর্যায়ের সম্পর্ক অব্যাহত রাখার পথ প্রশস্ত করবে বলে আশা করা যায়।






















