পূজামণ্ডপে চালের বরাদ্দ ৬০০ কেজি করেছেন প্রধানমন্ত্রী
দুর্গাপূজার প্রতিটি মণ্ডপে চালের বরাদ্দ ৫০০ কেজি থেকে বাড়িয়ে ৬০০ কেজি করা হয়েছে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার বিভিন্ন উদ্যোগের মাধ্যমে রংধনু জাতি গঠনের প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ছয়টায় চট্টগ্রাম নগরের রহমতগঞ্জের জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষ্যে সফরের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শন শেষে মঙ্গলবার নগরের রহমতগঞ্জ এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
মীর মো. হেলাল উদ্দিন বলেন, ‘আমার তো মনে হয়, বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো খুব কম সরকারপ্রধানই বাস্তবায়ন করতে পেরেছেন। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যে রংধনু জাতি গঠনের প্রত্যয় ব্যক্ত করেছিলেন, তিনি তার প্রতিটি কাজের মাধ্যমে তা বাস্তবায়ন করে দেখিয়েছেন।’
প্রধানমন্ত্রীর বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের জন্য যথাক্রমে চার কোটি ও তিন কোটি টাকা চাওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী সেই বরাদ্দ বাড়িয়ে যথাক্রমে পাঁচ কোটি ও চার কোটি টাকা করেছেন।
সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর সিদ্ধান্তের কথাও উল্লেখ করেন মীর মো. হেলাল উদ্দিন। তিনি বলেন, প্রায় ৫৫ বছর ধরে ছুটি বাড়ানোর দাবি ছিল। প্রধানমন্ত্রী নির্বাহী আদেশের মাধ্যমে সেই দাবি পূরণ করেছেন।
প্রধানমন্ত্রীর পূজামণ্ডপ পরিদর্শনের বিষয়টি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘এই প্রথম কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে গিয়ে বিভিন্ন জায়গায় পূজামণ্ডপ পরিদর্শন করছেন। আমি মনে করি, এটা বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত ইতিবাচক একটি দিক।’
তার ভাষ্য, এ ধরনের উদ্যোগের মধ্য দিয়ে মানুষের মধ্যে বিদ্যমান বৈষম্য দূর করার প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে রাজনীতিবিদদের আন্তরিকতারও প্রতিফলন ঘটছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিন কার্ড ও স্বাস্থ্য কার্ডের মতো উদ্যোগের পাশাপাশি ধর্মীয় সম্প্রদায়ের কল্যাণে নেওয়া পদক্ষেপগুলোও প্রতিশ্রুতি বাস্তবায়নের ধারাবাহিকতার অংশ।
প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরসূচি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আজ (মঙ্গলবার) চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসূচি অনুযায়ী, সন্ধ্যা ছয়টায় নগরের রহমতগঞ্জের জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
এরপর চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতাদের সঙ্গে একটি সাংগঠনিক সভায় অংশ নেওয়ারও কর্মসূচি রয়েছে। পরে রাতে চট্টগ্রাম বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে তার।






















রাষ্ট্রে সব ধর্মের মানুষের জন্য সমান অধিকার: প্রধানমন্ত্রী