রাণীশংকৈলে রোজার শুরুতেই নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি।
আনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- রোজার শুরুতেই ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম বাড়তে শুরু করেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে রাণীশংকৈল পৌর শহরের ৩টি কাঁচা বাজার ঘুরে দেখা গেছে, বেশ কয়েকটি পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে।
শসার দাম কেজিতে ৬০ টাকা থেকে বেড়ে ৮০ থেকে ১০০, মরিচ ১৬০ থেকে বেড়ে ২০০ টাকা, রসুন ১৬০ থেকে বেড়ে ২০০ টাকা, মসুর ডাল ১৪০ থেকে ১৬০, বেগুন ৫০ থেকে বেড়ে ৭০, গাজর ৩০ থেকে ৪০, পেঁয়াজ ৫০ থেকে বেড়ে ৬০, ছোলা ৮০ থেকে বেড়ে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। ৪০০ টাকা কেজি দরের খেজুর ৫০০/৫৫০ দরে বিক্রি হচ্ছে। এদিকে মাংসের দামও বেড়ে গেছে। সোনালি মুরগির কেজি ২৬০ টাকা থেকে বেড়ে ৩২০ টাকা,ব্রয়লার ১৯০ থেকে বেড়ে ২০০ টাকা, গরুর মাংস ৬৫০ টাকা থেকে বেড়ে ৭৫০ এবং খাসির মাংস ৯০০ থেকে বেড়ে ১,০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। নিত্যপণ্যের দাম বৃদ্ধি নিয়ে ভান্ডারা মহল্লার ক্রেতা বাবুল হোসেন বলেন, রোজা আসতে না আসতেই গতকাল (বুধবার) থেকে নিত্যপণ্যের দাম অতিরিক্ত বেড়ে গেছে।
এতে আমরা নিম্ন আয়ের মানুষরা বড় ভোগান্তির মধ্যে পড়েছি। এ বিষয়ে সহকারী কমিশনার(ভূমি) মজিবুর রহমান বলেন, এরমধ্যে বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধির কিছু অভিযোগ পাওয়া গেছে। আমরা গতকাল থেকেই বাজার মনিটরিংয়ে নেমেছি। আজও(বৃহস্পতিবার) মনিটরিং করা হবে। অবস্থার প্রেক্ষিতে ব্যবস্থা নেয়া হবে।



























