আলীকদমে চৌকি আদালত চালুর নীতিগত সিদ্ধান্ত: ডিও লেটারের অপেক্ষায় চূড়ান্ত কার্যক্রম
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি: দীর্ঘদিনের দাবি ও ধারাবাহিক প্রচেষ্টার পর বান্দরবানের আলীকদম উপজেলায় একটি ‘চৌকি আদালত’ চালুর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।
তবে বর্তমানে একটি ডিও (D.O.) লেটারের অভাবে আদালতটির কার্যক্রম চালুর প্রক্রিয়া কিছুটা বিলম্বিত হচ্ছে। গ্রীন পলিসি মুভমেন্টের আহ্বায়ক মোঃ মহিউদ্দিন (বন্ধু) সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়দের দীর্ঘ প্রচেষ্টা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে একাধিক বৈঠক এবং এলাকার বিচারিক প্রয়োজনের কথা তুলে ধরার ফলশ্রুতিতে আইন মন্ত্রণালয় এই ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে।
ইতিমধ্যে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার এবং চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মহোদয় চৌকি আদালত চালুর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশপত্র পাঠিয়েছেন। পাশাপাশি, আইনমন্ত্রী মহোদয়ও বিষয়টি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সচিবকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্থানীয় পর্যায়ে যাতে কোনো ধরনের ভুল বোঝাবুঝি, বিভাজন বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো যায় এবং মন্ত্রণালয় সম্পূর্ণ স্বাধীনভাবে প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে পারে, সেজন্য সংশ্লিষ্ট সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্যের একটি ডিও (D.O.) লেটার অত্যন্ত জরুরি।
এ বিষয়ে মোঃ মহিউদ্দিন আশা প্রকাশ করে বলেন, “প্রয়োজনীয় ডিও লেটারটি পাওয়া গেলে ইনশাআল্লাহ আগামী দুই মাসের মধ্যেই আলীকদম চৌকি আদালতের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা সম্ভব হবে।” বিশিষ্টজনদের প্রতিক্রিয়া ও সহযোগিতা মং ক্যনু মারমা (সদস্য, বান্দরবান জেলা পরিষদ): “গ্রীন পলিসি মুভমেন্টের আহ্বায়কের সঙ্গে বিষয়টি নিয়ে বিস্তারিত কথা হয়েছে। আমি দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করব।” রোকসানা শিরিন (সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, আলীকদম উপজেলা পরিষদ): “আলীকদমের সাধারণ মানুষের দীর্ঘদিনের এই দাবি বাস্তবায়নে আমাদের সবাইকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আলীকদম একটি পাহাড়ি ও দূরবর্তী উপজেলা।
এখানে চৌকি আদালত চালু হলে স্থানীয় জনসাধারণকে মামলার প্রয়োজনে আর কষ্ট করে জেলা সদরে যেতে হবে না। এতে বিচারপ্রার্থী সাধারণ মানুষের যাতায়াতে সময়, অর্থ এবং সীমাহীন ভোগান্তি বহুলাংশে হ্রাস পাবে এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষের ন্যায়বিচার প্রাপ্তি সহজতর হবে। আলীকদমবাসীর এই জনগুরুত্বপূর্ণ দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট সংসদ সদস্য, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন গ্রীন পলিসি মুভমেন্টের আহ্বায়ক মোঃ মহিউদ্দিন (বন্ধু)।




























ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী