এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন
সাতক্ষীরার শ্যামনগরে সাবেক জামায়াত নেতা ও সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত পৌনে ১টায় উপজেলার গাবুরা ইউনিয়নের চৌদ্দরশি গ্রামে বাবা মাসুম বিল্লাহর পৈতৃক বাড়িতে তাকে দাফন করা হয়। এর আগে রাত ১১টায় মরিয়মের মরদেহ বাড়িতে পৌঁছায়।
ঢাকা থেকে দুপুরে রওনা দিয়ে মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স রাত সাড়ে ১০টার দিকে নীলডুমুর খেয়াঘাটে পৌঁছায়। পরে ইঞ্জিনচালিত নৌকায় করে মরদেহ নিহতের বাবা মাসুম বিল্লাহর বাড়িতে নেওয়া হয়।
স্থানীয় মসজিদের ইমাম নুরুল হুদা জানাজার নামাজে ইমামতি করেন। মরিয়মের বাবা মাসুম বিল্লাহসহ পরিবারের নিকটজন ও স্থানীয় ২০-২৫ জন মুসল্লি জানাজায় অংশ নেন। তবে জানাজায় এমপি গাজী নজরুল ইসলামের পরিবারের কোনো সদস্যকে অংশ নিতে দেখা যায়নি।
এ সময় শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) অনিরুদ্ধ ছাড়াও পুলিশের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত রোববার সন্ধ্যায় রাজধানীর ন্যাম ভবনের নির্ধারিত ফ্ল্যাট থেকে মরিয়মের মরদেহ উদ্ধার করে পুলিশ। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হয়।






















ধানমন্ডি লেক থেকে মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ উদ্ধার