কুয়েতে মাদক পাচার ও সেবনের অভিযোগে ৩ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৪
সংবাদদাতা: মো. উৎস মিয়া,কুয়েত প্রতিনিধি:-
কুয়েতে মাদক পাচার ও সেবনের অভিযোগে তিনজন বাংলাদেশি ও একজন পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও মাদক পরিমাপের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমস এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ক্রিমিনাল সিকিউরিটি সেক্টরের অধীন মাদক নিয়ন্ত্রণ সাধারণ বিভাগ পৃথক দুটি অভিযানে ওই চার প্রবাসীকে গ্রেপ্তার করে। পাচার ও ব্যক্তিগত ব্যবহারের উদ্দেশ্যে এসব মাদকদ্রব্য মজুত রাখা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১ দশমিক ৬৫ কেজি মেথামফেটামিন, ১ কেজি হেরোইন, সিন্থেটিক ক্যানাবিনয়েডের ৬০০টি শিট এবং ১০০ গ্রাম গাঁজা। এ ছাড়া মাদক ওজন করার কাজে ব্যবহৃত তিনটি সূক্ষ্ম ডিজিটাল পরিমাপক যন্ত্রও জব্দ করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশে মাদকের বিস্তার রোধ এবং মাদক কারবারিদের দমনে চলমান নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিদের পাশাপাশি জব্দ করা মাদকদ্রব্য ও অন্যান্য আলামত পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।




























কুয়েতে মাদক পাচার ও সেবনের অভিযোগে ৩ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৪