খুলনায় পুলিশ পরিদর্শক কুপিয়ে টাকা-মোবাইল ফোন ছিনতাই, ২ জন গ্রেপ্তার
খুলনায় পুলিশ পরিদর্শক মো. শাহ আলমকে কুপিয়ে জখম করে তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬। আজ বৃহস্পতিবার নগরীর সোনাডাঙ্গা থানার কলাবাগান ও সদর থানার টুটপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দু’জন হলেন মিরাজ ওরফে স্পিকার মিরাজ (৩৯) ও ইব্রাহিম গাজী (৪২)।
এসআরবি-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ জানান, গত ৯ অক্টোবর রাতে অভিযান শেষে পুলিশ ক্লাবে ফেরার পথে নগরীর কলেজিয়েট স্কুলের সামনে ছিনতাইকারীদের কবলে পড়েন পুলিশ পরিদর্শক মো. শাহ আলম। তিনজন ছিনতাইকারী তার কাছে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পর ধারালো চাপাতি দিয়ে দুই হাতের কবজির ওপর কুপিয়ে গুরুতর জখম করে। উন্নত চিকিৎসার জন্য শাহ আলমকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় খুলনা জেলা গোয়েন্দা শাখার এসআই মো. আওয়াল হোসেন বাদী হয়ে খুলনা সদর থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা করেন। এসআরবি গোয়েন্দা নজরদারি চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনায় সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।
তিনি আরও জানান, গ্রেপ্তার মিরাজের বিরুদ্ধে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) আড়ংঘাটা ও সদর থানায় গুরুতর আঘাত, চুরি ও ডাকাতিসহ একাধিক মামলার তথ্য রয়েছে। ইব্রাহীম গাজীর বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার তথ্য পাওয়া গেছে।




























ইসির ৩১ কর্মকর্তার উচ্চতর গ্রেড দিয়ে প্রজ্ঞাপন জারি