টাঙ্গাইলের গোপালপুরে মুনের বাজিমাত, শ্রেষ্ঠ শিক্ষার্থীসহ ৫ ক্যাটাগরিতে সেরা
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় অসাধারণ সাফল্য অর্জন করেছে সূতী হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ফারিয়া জাহান মুন।
শ্রেষ্ঠ শিক্ষার্থীসহ পাঁচটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করে সে পেয়েছে সম্মাননা ও পুরস্কার।
ফারিয়া জাহান মুন উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী (বিদ্যালয়), উপজেলা মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ গার্লস ইন স্কাউট, বাংলা কবিতা আবৃত্তিতে প্রথম, নির্ধারিত বক্তব্যে প্রথম এবং তাৎক্ষণিক বক্তব্যে প্রথম স্থান অর্জন করে।
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুনের হাতে বিভিন্ন ক্যাটাগরির পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নবাব আলী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিনসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা।
একই সঙ্গে পাঁচটি বিভাগে সাফল্য অর্জন করায় ফারিয়া জাহান মুনকে অভিনন্দন জানিয়েছেন তার শিক্ষক, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা। তার এই অর্জন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যেও আনন্দের সৃষ্টি করেছে।



























ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: হুমায়ুন কবির